সুন্নি নারীদেরও ধর্ষণ-নির্যাতন করে আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা সুন্নি আরব নারীদের ওপরও ধর্ষণ ও নির্যাতন চালাচ্ছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গতকাল সোমবার এ অভিযোগ করেছে। তারা জানায়, ইয়াজিদি সম্প্রদায়ের নারীদের ওপর আইএস জঙ্গিদের এ রকম নির্যাতনের প্রমাণ আগেই মিলেছে।
ইরাকের আইএস-নিয়ন্ত্রিত হাওইজাহ শহরে আশ্রয় নেওয়া নারীদের ওপর নানা রকমের নির্যাতনের প্রমাণ এইচআরডব্লিউ সংগ্রহ করেছে। এসবের মধ্যে নির্বিচারে আটকে রাখা, মারধর, জোরপূর্বক বিবাহ এবং ধর্ষণ ইত্যাদি রয়েছে। এইচআরডব্লিউ ২৬ বছর বয়সী তরুণী হানানের কাহিনি তুলে ধরে বলেছে, হাওইজাহ ছেড়ে পালানোর সময় আরও কয়েক নারীর সঙ্গে তাঁকেও আইএস জঙ্গিরা আটক করেছে। তাঁর স্বামী ইতিমধ্যে শহরটি ছেড়ে পালিয়েছেন। জঙ্গিরা হানানকে বলেছে, স্বামী পালিয়ে যাওয়ায় তিনি (হানান) ধর্মচ্যুত হয়ে পড়েছেন। এখন তাঁর স্থানীয় জিহাদি নেতাকে বিয়ে করা উচিত।
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে হানানকে চোখ বেঁধে জঙ্গিরা প্লাস্টিকের তার দিয়ে পেটায় এবং অস্ত্রের মুখে তাঁর ওপর ধর্ষণ চালায়। হানান এইচআরডব্লিউকে বলেছেন, একই ব্যক্তি পরের মাসে তাঁকে শিশুসন্তানদের সামনেই প্রতিদিন ধর্ষণ করেন।
এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্য শাখার উপপরিচালক লামা ফাকিহ্ বলেন, আইএসের অধীনে বসবাসকারী সুন্নি আরব নারীদের ওপর যৌন নিপীড়নের ব্যাপারে খুব কমই জানা যাচ্ছে। আশা করা যায়, আন্তর্জাতিক সম্প্রদায় এবং স্থানীয় কর্তৃপক্ষ এ ধরনের নির্যাতনের শিকার নারীদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা করবে।