সুপারবাগের বিরুদ্ধে লড়বে 'তাসমানিয়ার শয়তানের' দুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার গবেষকেরা দাবি করেছেন, ক্যাঙারুর মতো মায়ের পেটের থলেতে বড় হওয়া পশু ‘তাসমানিয়ার শয়তান’-এর দুধ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বা সুপারবাগের বিরুদ্ধে কার্যকর অস্ত্র হতে পারে।

বিবিসির খবরে বলা হয়েছে, মারসুপিয়াল গোত্রের এই মাংসাশী স্তন্যপায়ীর দেখা মেলে অস্ট্রেলিয়ার দ্বীপরাজ্য তাসমানিয়ার বনে।

সিডনি বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দলের মতে, এই পশুর দুধে জরুরি কিছু পেপটাইড রয়েছে, যা ওষুধ প্রতিরোধী জীবাণু ধ্বংস করতে সক্ষম। গবেষকদের ধারণা, এই পেপটাইডের কারণে ওই পশুর বাচ্চার শক্তিশালী হয়ে বেড়ে ওঠে।

গবেষণা প্রতিবেদনটি সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত হয়েছে। গবেষক দলের এক সদস্য পিএইচডির ছাত্র এমা পিল বলেন, পশুটির দুধে তাঁরা ছয়টি জরুরি পেপটাইডের অস্তিত্ব পেয়েছেন। এই পেপটাইড মারসুপিয়াল গোত্রের অন্য প্রাণীর দুধেও রয়েছে। এর মানে এই প্রজাতির সব পশুকে নিয়েও গবেষণা চালানো যেতে পারে। এই প্রজাতির আরেকটি পশু কোয়ালার দুধ নিয়ে গবেষণা শুরু করা হয়েছে বলে জানান এমা পিল।

গবেষকদের ধারণা, মারসুপিয়াল প্রজাতির প্রাণীরা গবেষণার জন্য উত্তম, কেননা তাদের বাচ্চারা তুলনামূলক নোংরা পরিবেশে বড় হয়। ফলে এদের মধ্যে রোগ প্রতিরোধী ক্ষমতাও বেশি থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বিশ্বে পরিচিত বড় হুমকির মধ্যে চিকিৎসা-প্রতিরোধী জীবাণু অন্যতম। ধারণা করা হয়, এই জীবাণু প্রতিরোধে দ্রুত পদক্ষেপ না নিলে বর্তমানে প্রচলিত ওষুধ একসময় খুব সাধারণ রোগও সারাতে পারবে না। অতিমাত্রায় অ্যান্টিবায়োটিকের ব্যবহারই এ সমস্যার কারণ। এতে করে নতুন চিকিৎসাপদ্ধতি আবিষ্কৃত না হলে বিভিন্ন অস্ত্রোপচার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।