সুপারমডেল নয় সাদাসিধে অ্যান্টি বার্বি

বার্বি ডলের মতো দীর্ঘাঙ্গী নয়, ছোটখাটো। চুলের রং সোনালি নয়, কালো বা বাদামি। চোখে পড়ার মতো নয়, বরং গড়পড়তা শরীরের গড়ন। পরনে জমকালো নয়, হালকা বুননের জামা। এমনকি গায়ে হালকা মেচতার দাগও রয়েছে।
সুপারমডেল নয়, রাস্তায় চলাফেরা করা সাধারণ মানুষ বা পাশের ঘরের মানুষের মতো করে বানানো হয়েছে নতুন ধরনের এই পুতুলগুলো। অ্যান্টি বার্বি নামে পরিচিত এই পুতুলগুলো যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রির জন্য প্রস্তুত।
২৬ বছর বয়সের গ্রাফিক ডিজাইনার নিকোলে ল্যামের তৈরি ‘ল্যামিলি’ পুতুলগুলো শিগগির বাজারে ছাড়া হবে। ‘বিকল্প একটি পুতুল গড়া হবে, যা সুপারমডেল হবে না, হবে সাধারণের মতো সুন্দর’—এই ভাবনা থেকে বানানো হয়েছে পুতুলগুলো। বার্বি ডলের মতো অভিজাত নয়, পুতুলগুলো একেবারেই সাধারণ। তাই এগুলোকে ‘অ্যান্টি বার্বি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ল্যাম এএফপিকে জানান, উপহার দেওয়ার জন্য বাজারে পুতুল খুঁজছিলেন তিনি। কিন্তু দেখেন সব পুতুলকেই দেখতে সুপারমডেলদের মতো। তখন থেকে তাঁর মাথায় আসে সাদাসিধে পুতুল বানানোর কথা।
ল্যাম বলেন, সব পুতুল সুপারমডেলের মতো দেখতে হলে সমস্যা নেই। কিন্তু এতে করে শিশুদের বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। কারণ পুতুলগুলো তাঁদের চেনা মানুষদের মতো দেখতে হয় না। তাই সুপারমডেল নয় আর দশজন স্বাভাবিক মানুষের মতো দেখতে পুতুল বানানোর কথা ভেবেছেন ল্যাম।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্রের (সিডিসি) দেওয়া পরিসংখ্যান মেনে ল্যাম তাঁর পুতুলগুলোর শারীরিক গঠন তৈরি করেছেন। সিডিসির মতে, ১৯ বছর বয়সীরা লম্বায় হয় গড়পড়তা পাঁচ ফুট চার ইঞ্চি, ওজন ১৫০ পাউন্ড এবং বুকের মাপ ৩৩ দশমিক ৫ ইঞ্চি। সাধারণ মানুষের দৈহিক গড়নের পরিসংখ্যান জানার পর বার্বি ডলের উল্টো করে পুতুল বানান ল্যাম। অভিজাত বা ধরাছোঁয়ার বাইরে নয়, পুতুলগুলো যেন আপন মনে হয়। বার্বির মোম রঙের বদলে তিনি ব্যবহার করেন শ্যাম বর্ণ।
দুই লাখ ২৫ হাজার ডলারের অর্ডার পেয়েছেন ল্যাম। প্রতিটি পুতুল বিক্রি হবে ২৫ ডলারে। নতুন বছরের জানুয়ারি থেকে পুতুলটি বাজারে আসছে।