সুপ্রিম কোর্টের রায়ে আরও গভীর সমস্যায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পিছু ছাড়ছে না সংকট। রাজনীতির এক উদ্ভট মঞ্চে প্রবেশ করেছে দেশটির রাজনীতি। সর্বোচ্চ আদালত ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণার পর কেবল অনেক প্রশ্নেরই জন্ম দিয়েছে। কিন্তু মিলছে না কোনো উত্তর। সুপ্রিম কোর্টের নতুন এই রায়ে সংকট সমাধানের বদলে গভীর সমস্যায় পড়েছে পাকিস্তান।অনেকে এ ঘটনাকে দেশটির বিচার বিভাগের সঙ্গে পার্লামেন্টের চলমান দ্বন্দ্বের এক নতুন মোড় বলে বর্ণনা করছেন। সুপ্রিম কোর্টের এই রায়ের ঘটনাকে ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজে অ্যান্ড অ্যানালাইসিসের সুশান্ত সারিন এ ঘটনাকে খুব খারাপ একটি বিকল্প বলে অভিহিত করেছেন।প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে সুইজারল্যান্ডের আদালতে দায়ের হওয়া অর্থ পাচারের মামলা পুনরায় চালু করতে ওই দেশের সরকারকে চিঠি লিখতে প্রধানমন্ত্রী গিলানিকে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। কিন্তু গিলানি সেই নির্দেশ পালন না করায় গত ২৬ এপ্রিল তাঁকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করা হয়। ওই সময় গিলানিকে প্রতীকী দণ্ডাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু ওই রায়ের বিরুদ্ধে কোনো আপিল করেননি গিলানি। ফলে পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের সদস্যপদে থাকার অযোগ্য ঘোষণা করেন। এপ্রিলে গিলানিকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করার পর পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রীকে অযোগ্য ঘোষণা করবেন না। তখন অনেকেই বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের সম্ভাব্য দ্বন্দ্বের আশঙ্কা করছিলেন। ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী পদে দলের জ্যেষ্ঠ নেতা মখদুম শাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছে। দায়িত্ব নেওয়ার পর আদালতের নির্দেশনা অনুসারে নতুন প্রধানমন্ত্রীকেও জারদারির বিষয়ে সুইজারল্যান্ড সরকারকে চিঠি লিখতে হবে। কিন্তু তিনি যদি গিলানির পথ অনুসরণ করেন, তাহলে তাঁর ব্যাপারে আদালতের ভূমিকা কী হবে, তাও গুরুত্বপূর্ণ বিষয়। আদালত কি নতুন প্রধানমন্ত্রীকেও অযোগ্য ঘোষণা করবেন!বিশ্লেষকেরা বলছেন, বিচার বিভাগের সঙ্গে পার্লামেন্টের এ দ্বন্দ্বে দেশটির সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই সবচেয়ে বেশি লাভবান হবে। দেশ উদ্ধারের যুক্তি দেখিয়ে তারা ক্ষমতা দখলের পাঁয়তারা করতে পারে। নানা সমস্যায় পাকিস্তান হাবুডুবু খাচ্ছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক মোটেও মসৃণ নয়। প্রতিষ্ঠানগুলো পরস্পরের বিরুদ্ধে লেগে আছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের সমস্যা তো আছেই। এসব সীমাহীন সংকটের মধ্যে প্রধানমন্ত্রী গিলানিকে অযোগ্য ঘোষণা পাকিস্তানকে বেশ ভোগাবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। টাইমস অব ইন্ডিয়া।