সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাটের দাঙ্গায় গুলবার্গ সোসাইটিতে নৃশংস হত্যাকাণ্ডের মামলায় চূড়ান্ত প্রতিবেদনটি নিম্ন আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিশেষ তদন্ত দলকে (সিট) এ নির্দেশ দেওয়া হয়। টাইমস অব ইন্ডিয়ার অনলাইন প্রতিবেদনে বলা হয়, তিন বিচারপতির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বিশেষ বেঞ্চ বলেন, ‘২০০২ সালে গুজরাটে দাঙ্গার ঘটনায় করা মামলাগুলোতে আমাদের আর কোনো পর্যবেক্ষণ নেই।’ সুপ্রিম কোর্টের আজকের রায়ের ফলে স্বস্তি পেলেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ, সিটের প্রতিবেদনে মোদিকে কোনো দোষারোপ করা হয়নি।২০০২ সালে গুজরাটের গোধরায় ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় প্রায় ৬০ জন হিন্দু করসেবক নিহত হন। এরপর রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং দুই হাজারের বেশি মুসলমান নিহত হয়। এ দাঙ্গার জন্য নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের নিষ্ক্রিয়তা দায়ী ছিল বলে অভিযোগ রয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট মামলাটি নিজস্ব তত্ত্বাবধানে নিয়ে বিশেষ তদন্তকারী দলকে দিয়ে ওই ঘটনার তদন্ত করেন। ওই দাঙ্গার ঘটনায় নরেন্দ্র মোদি সুপ্রিম কোর্টের কঠোর নজরদারির মধ্যে ছিলেন। সিট এখন চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে চলেছে।২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি উগ্র হিন্দুত্ববাদীরা গুলবার্গ সোসাইটি নামের বাড়িটি জ্বালিয়ে দেয়। এতে কংগ্রেসের সাবেক সাংসদ এহসান জাফরিসহ অন্তত ৩৭ জন নিহত হন।