সুব্রতর মুখে কালি ছুড়ে মারা মনোজ শর্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালি ছুড়ে মারার পর মনোজ শর্মা
কালি ছুড়ে মারার পর মনোজ শর্মা

১৯৭০ এর দশকে দুর্নীতিবাজ বলে ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের মুখে স্যান্ডেল ছুড়ে মারার মধ্য দিয়ে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন সুরেশ কালমাদি।

নিয়তির নির্মম পরিহাস, ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের  চেয়ারম্যান ও কংগ্রেসের সাংসদ হওয়ার পর দুর্নীতির কারণে ২০১১ সালের ২৬ এপ্রিল সেই কালমাদিকেই স্যান্ডেল ছুড়ে মারেন এক ব্যক্তি। তখন লোকটিকে পুলিশ ধরে পরে ছেড়ে দিয়েছিল। সেই একই ব্যক্তি ভারতের সুপ্রিম কোর্ট চত্বরে গতকাল মঙ্গলবার সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়ের মুখে কালি ছিটিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন। আলোচিত এই লোকটির নাম মনোজ শর্মা।

গতকাল সুপ্রিম কোর্ট চত্বরে চলছিল তীব্র নাটকীয় পরিস্থিতি। ঘটনার পর দেখা গেল, সুব্রত রায়ের কয়েকজন সমর্থক ও আইনজীবী এক ব্যক্তিকে নিয়ে টানাহেঁচড়া করছেন। তাঁকে মারপিটও করতে দেখা গেছে।

ওয়ান ইন্ডিয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়, নিজেকে আন্না হাজারের সমর্থক আইনজীবী ও একজন অধিকারকর্মী হিসেবে দাবি করেন মনোজ শর্মা। কালি ছুড়ে মারার পর নিজের গায়ের জামা ছিড়ে ফেলে মনোজ চিত্কার করে বলতে থাকেন, ‘সুব্রত একটা চোর। সে গরীবের পয়সা মেরে খেয়েছে।’

মনোজ শর্মার বাড়ি মধ্যপ্রদেশের গোয়ালিওর জেলার গুড্ডিগুড্ডা গ্রামে। সাহারা গ্রুপে বিনিয়োগকারীদের একজন তিনি। ঘটনার পর দিল্লি পুলিশ তাঁকে আটক করে তিলক মার্গ থানায় নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে সেখানে মামলা হয়েছে। 

মনোজ শর্মা পুলিশকে জানান, শুধুমাত্র সুব্রত রায়ের মুখে কালি ছুড়ে মারার জন্যই তিনি দিল্লি এসেছিলেন।

২০১১ সালে দিল্লিতে সুরেশ কালমাদির মুখে স্যান্ডেল ছুড়ে মারার পর সে সময় তিনি নিজেকে দুর্নীতির উত্পাটনের জন্য ‘ঈশ্বর প্রেরিত’ ব্যক্তি বলে দাবি করেছিলেন।

এখানেই শেষ নয়, ২০০৬ সালে একটি উচ্চ পর্যায়ের দুর্নীতি প্রমাণের জন্য তিনি সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে ইস্যু করা একটি ভুয়া মৃত্যু সনদ উদ্ধার করে তা আদালতে পেশ করেছিলেন।

২০০২ সালে প্রকাশিত দ্য টেলিগ্রাফের একটি খবরে বলা হয়, ছুরি দিয়ে এক ব্যক্তির ওপর আক্রমণ করেছিলেন মনোজ শর্মা। এ কারণে তাঁকে স্থানীয় একটি বার অ্যাসোসিয়েশন থেকে বহিস্কার করা হয়। মনোজের নামে গোয়ালিয়রের উপ-বিভাগীয় ম্যাজিস্ট্রেটকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মনোজ শর্মাকে তাদের কাছে মানসিকভাবে অসুস্থ মনে হয়েছে।