সুব্রতের পর আম আদমি নেতার মুখে কালি

ভারতের সাহারা গোষ্ঠীর প্রধান সুব্রত রায়ের মুখে কালি ছেটানোর রেশ কাটতে না কাটতে আম আদমি পার্টির (এএপি) একজন জ্যেষ্ঠ নেতার মুখে কালি ছেটানোর ঘটনা ঘটল। এএপির ওই নেতার নাম যোগেন্দ্র যাদব।
বিশ্ব নারী দিবসে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আজ শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করে এএপি। ওই অনুষ্ঠানেই যোগেন্দ্রের মুখে কালি ছিটিয়ে দেন এক যুবক। কালি মারা ওই যুবকের নাম সাগর ভান্ডারি।
এনডিটিভির খবরে বলা হয়, অনুষ্ঠান চলার সময় পেছন থেকে সামনে এসে আম আদমি পার্টির ক্যাপ ও ব্যাজ পরা সাগর ভান্ডারি যোগেন্দ্র যাদবের মুখে কালি ছুড়ে মারেন। এরপর এএপির কিছু কর্মী সাগর ভান্ডারির ওপর চাড়াও হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সাগর ভান্ডারি এএপির দিল্লি কার্যালয়ে কাজ করেন বলে জানা গেছে।
যোগেন্দ্র যাদব এএপির হয়ে দিল্লি-সংলগ্ন হরিয়ানার গুড়গাঁও শহর থেকে লোকসভা নির্বাচনে লড়বেন।
এ ঘটনার পর যোগেন্দ্র যাদব বলেছিলেন, ‘জানি না সে কে এবং কেন সে এমন করল, তা-ও জানি না। তবে সে (সাগর) বলেছে, “ভারত মাতা কি জয়”।’
এদিকে দলের জ্যেষ্ঠ নেতার মুখে কালি ছিটানোর ঘটনার পর এএপির প্রধান অরবিন্দ কেজরিয়াল বলেছেন, এমনটা ঘটবেই। আপনি যখন সত্যের পথে হাঁটবেন, তখন এমন সমস্যা আসবে।
নির্বাচনী প্রচারে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল এখন গুজরাটে আছেন।