সুমাত্রা দ্বীপে আবার শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গতকাল শনিবার আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছয় হলেও এতে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দ্বীপটিতে কয়েক দিন আগেই শক্তিশালী এক ভূমিকম্পে বেশ কয়েকজন হতাহত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগের বিশেষজ্ঞরা বলেন, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুমাত্রার দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে। প্রথমে এটিকে রিখটার স্কেলে ছয় দশমিক চার মাত্রার বলে উল্লেখ করলেও পরে তা ছয় মাত্রার বলে নিশ্চিত করা হয়। এই ভূমিকম্পের আগে কোনো সুনামি সতর্কতা ঘোষণা করা হয়নি।
সুমাত্রার উত্তরাঞ্চলীয় আচেহ অঞ্চলে গত মঙ্গলবার ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৩৫ জন প্রাণ হারায়। প্রায় ১৬ হাজার মানুষের বাড়িঘর ধ্বংস হয় বলে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর নিশ্চিত করে। আচেহ অঞ্চলে ২০০৪ সালে এক ভূমিকম্প ও সুনামিতে অন্তত এক লাখ ৭০ হাজার মানুষ প্রাণ হারায়। এএফপি।