সুমিত্রা মহাজনই হলেন লোকসভার স্পিকার

ভারতের পঞ্চদশ লোকসভার স্পিকার ছিলেন কংগ্রেসের মীরা কুমার। তিনি ছিলেন নারী হিসেবে ওই পদে প্রথম৷ ষোড়শ লোকসভার স্পিকারও হলেন একজন নারী, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী সুমিত্রা মহাজন। মধ্য প্রদেশের ইন্দোর কেন্দ্র থেকে টানা আটবারের জয়ী সুমিত্রা স্পিকার নির্বাচিত হলেন সর্বসম্মতভাবে। নির্বাচনের পর স্পিকারকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তাঁর নামেই ‘মহাজন’ শব্দ বন্ধ রয়েছে। তিনি সেভাবেই সভা পরিচালনা করবেন। মোদি বলেন, ‘আমাদের শাস্ত্রে বলে, মহাজন যে-পথে করেন গমন, সেই পথে চলা উচিত।’
বৃহস্পতিবার সাংসদ পদে শপথ নেন ৫১৯ জন। যাঁদের বাকি ছিল তাঁদেরও আজ আধা ঘণ্টার মধ্যে হয়ে যায়। তার পরই স্পিকার নির্বাচন-প্রক্রিয়া শুরু করেন অন্তর্বর্তী স্পিকার কমলনাথ৷
৭১ বছরের সুমিত্রার নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী মোদি নিজে। একে একে সেই প্রস্তাব সমর্থন করেন লালকৃষ্ণ আদভানি, রাজনাথ সিং, ভেঙ্কাইয়া নাইডু, সুষমা স্বরাজসহ বিজেপির শীর্ষ নেতারা। কংগ্রেসের পক্ষ থেকে সুমিত্রার নাম প্রস্তাব করেন লোকসভায় দলের নেতা মল্লিকাজুর্ন খারগে। একে একে সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, এআইএডিএমকের থাম্বিদুরাইসহ প্রায় সব দলের নেতাই সুমিত্রার নাম প্রস্তাব করেন।
বিজু জনতা দলের ভর্তহরি মহতাব ও জনতা দলের (সেক্যুলার) সাবেক প্রধানমন্ত্রী দেবগৌড়ার প্রস্তাব সমর্থন করার জন্য অন্যরা হাজির ছিলেন না। ফলে তাঁদের প্রস্তাব বাতিল হয়ে যায়। সিপিএমও সুমিত্রাকে সমর্থন জানায়। তবে তাদের চিঠি সময়মতো পৌঁছয়নি। প্রথাগত এসব বিচ্যুতি সত্ত্বেও সুমিত্রা মহাজনের স্পিকার হওয়ার পথে কোনো বাধা সৃষ্টি হয়নি।
রাজনীতিতে নারীদের এই গুরুত্বের কথা অন্যভাবে নতুন স্পিকারকে স্মরণ করিয়ে দেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এবারের নির্বাচনে তাঁদের দলই সব চেয়ে বেশি ১১ নারীকে জিতিয়ে এনেছে।
প্রথম দিনেই বিরোধীরা তাঁদের আশা ও আশঙ্কার কথাটি স্পিকারকে জানিয়ে রাখেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতোই সিপিএমের করুণাকরণ, ভর্তহরি মহতাব (বিজেডি), পিডিপির মেহবুবা মুফতিসহ ছোট দলের নেতারা প্রত্যেকেই বলেছেন, বহু বছর পর শাসক দল নিরঙ্কুশ ক্ষমতা লাভ করেছে। এতে সংসদে বিরোধীরা উপেক্ষিত হতে পারেন। তাঁদের আশা, স্পিকার এই বিষয়টি নজরে রাখবেন।
সাধারণত স্পিকার পদের পাশাপাশি ডেপুটি স্পিকার পদেও নির্বাচন সেরে ফেলা হয়। কিন্তু মোদি সরকার দুটি নির্বাচনকে পৃথক করে দিলেন। ডেপুটির পদে এখনো এম থাম্বিদুরাই এগিয়ে। যদিও শুক্রবার তিনি বলেন, ‘সবাই আমাকে সম্ভাব্য ধরে নিয়ে অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু নেত্রীর (জয়ললিতা) কাছ থেকে আমি এখনো কিছু শুনিনি।’