সুয়েজ খালে সন্ত্রাসী হামলা ব্যর্থ করার দাবি
মিসরের সরকারি কর্তৃপক্ষ বলেছে, সুয়েজ খালে পণ্যবাহী একটি জাহাজে সন্ত্রাসী হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ নৌপথটিতে যান চলাচল বন্ধ করে দেওয়ার লক্ষ্যে ওই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেছে সরকার।
সুয়েজ খাল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের প্রধান অ্যাডমিরাল মোহাব মামিশ শনিবার বলেন, পানামার পতাকাবাহী একটি জাহাজে হামলার চেষ্টা করেছিল ‘একজন সন্ত্রাসী’। ওই প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ করে দেওয়া হয়েছে। পণ্যবাহী জাহাজটিও অক্ষত রয়েছে। সশস্ত্র বাহিনী কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে।
হামলার পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে কয়েকটি সূত্র জানায়, পণ্যবাহী ওই জাহাজ থেকে শনিবার একাধিক বিস্ফোরণের উচ্চমাত্রার শব্দ পাওয়া গেছে। সুয়েজ খাল এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে মিসরের সেনাবাহিনী।
সুয়েজ খাল ধরে অন্যান্য দিনের মতো শনিবারও ৪৫টি জাহাজ চলাচল করেছে।
হামলার চেষ্টার ঘটনায় দেশটিতে বর্তমানে সরকারবিরোধী বিক্ষোভরত সংগঠন মুসলিম ব্রাদারহুডের যোগসাজশ রয়েছে কিনা তা স্পষ্ট নয়। নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি গত ৩ জুলাই এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারান। এর পর থেকে তাঁর সমর্থক মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বে দেশটিতে বিক্ষোভ চলছে। তাদের বিরুদ্ধে সামরিক বাহিনী ও পুলিশের অভিযানে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ নিহত হয়।
সুয়েজ খাল এলাকায় বেশ কয়েকটি ইসলামি জঙ্গি সংগঠন তৎপর রয়েছে। এর পাশের সিনাই উপদ্বীপের উত্তর অংশে সম্প্রতি বড় ধরনের সামরিক অভিযান চালানো হয়েছে। সিনাই উপদ্বীপের সঙ্গে গাজা ও ইসরায়েলের সীমান্ত রয়েছে। মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারক ২০১১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ওই এলাকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে।
লোহিত সাগর ও ভূমধ্যসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী সুয়েজ খালের দৈর্ঘ্য প্রায় ২০০ কিলোমিটার। একটি আন্তর্জাতিক চুক্তি অনুসারে এটি মিসরের নিয়ন্ত্রণে রয়েছে। এএফপি ও বিবিসি।