সুরক্ষিত কারাগারে রাম সিংয়ের আত্মহত্যা নিয়ে নানা প্রশ্ন
দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি রাম সিং কারাগারে কীভাবে আত্মহত্যার সুযোগ পেলেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। দেশটির সবচেয়ে কঠোর নিরাপত্তাসংবলিত তিহার কারাগারে গত সোমবার আত্মহত্যা করেন রাম সিং। তিহার কারাগারে ওই দিন কী ঘটেছে বা রাম সিংয়ের লাশ কোন অবস্থায় উদ্ধার করা হয়েছে, তা বিস্তারিত জানতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। তবে কারাগারের কর্মকর্তা ও সাবেক একজন বন্দীর সঙ্গে কথা বলে জানা গেছে, কারাগারে বন্দীর সংখ্যা এত বেশি যে, কর্তৃপক্ষের পক্ষে বন্দীদের ওপর সার্বক্ষণিক নজর রাখা অসম্ভব।নাম প্রকাশে অনিচ্ছুক তিহার কারাগারের একজন সাবেক বন্দী বলেন, ‘সেখানে আত্মহত্যা করা খুবই সহজ। এই সুযোগ বের করতে খুব বেশি বেগ পেতে হয় না।’ গত বছর এই কারাগারে আড়াই মাস বন্দী ছিলেন তিনি। রাম সিং যে ভবনে বন্দী ছিলেন, তাঁকেও ওই ভবনেই রাখা হয়েছিল। সাবেক ওই বন্দী জানান, কারাগারে বন্দীদের একে অপরের ওপর নজর রাখার যে অনানুষ্ঠানিক নিয়ম রয়েছে, তা একেবারেই ভেঙে পড়েছে। তবে কয়েকটি প্রকোষ্ঠে ইলেকট্রনিক পর্যবেক্ষণব্যবস্থা রয়েছে। এ ছাড়া কারারক্ষীরা কম-বেশি আধা ঘণ্টা পর পর বন্দীদের ওপর নজরদারি করেন।তিহার কারাগারের মুখপাত্র সুনীল গুপ্ত বলেন, বন্দীদের আত্মহত্যা থেকে বিরত রাখার মতো নজরদারি করা অসম্ভব ব্যাপার। সুনীল গুপ্ত স্বীকার করেন, কারাগারে ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি বন্দী রয়েছেন। তাদের সবার প্রতি সমানভাবে নজরদারি করা অসম্ভব। গত ডিসেম্বরে রাম সিংসহ ছয়জন চলন্ত বাসে ধর্ষণ করেন মেডিকেলের এক ছাত্রীকে। তাঁকে রড দিয়ে প্রহার করার পর বাস থেকে ফেলেদেওয়া হয়। কয়েকদিন চিকিৎসায় থাকার পর ওই ছাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে ভারত সরকার যৌন সহিংসতা বিরোধী কঠোর আইন তৈরির উদ্যোগ নেন। পুলিশ ওই ধর্ষণের সঙ্গে জড়িত রাম সিংসহ সবাইকে গ্রেপ্তার করে।রাম সিংয়ের আত্মহত্যাকে ভারতের আইনশৃঙ্খলা ও সুশাসনের আরেক ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটসের পরিচালক সুহাস চাকমা বলেন, ঘরের বাইরে বা কারাগারের ভেতরে নিরাপত্তা নিশ্চিত করতে না পারা আইনশৃঙ্খলা ও সুশাসনের ব্যর্থতা ছাড়া কিছুই নয়। কোনো কোনো মানবাধিকারকর্মী অভিযোগ করছেন, রাম সিংয়ের আত্মহত্যা অন্য অভিযুক্তদের বিচারে গুরুত্ব কমিয়ে দিল। কারণ, রাম সিংই ছিলেন প্রধান আসামি।তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, রাম সিংয়ের আত্মহত্যা এই মামলায় কোনো প্রভাব ফেলবে না। রয়টার্স।