সুশি খেয়ে খুশি ওবামা!

জাপান সফরে গিয়ে দেশটির বিখ্যাত ও সুস্বাদু খাবার সুশি খেয়ে খুশি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সুশি খেয়ে সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের তিনি বলেন, ‘এখানে কিছু ভালো সুশি রয়েছে।’ আজ বৃহস্পতিবার এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়।
সুশি হচ্ছে বিশেষ প্রণালিতে রান্না করা ভাতের সঙ্গে সামুদ্রিক খাবার, সবজি ও মৌসুমি ফল দিয়ে পরিবেশন করা খাবার। এশিয়ার চারটি দেশ সফরের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ওবামা গতকাল বুধবার জাপানে পৌঁছান।
দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তাঁকে নিয়ে মিশেলিস-স্টারখ্যাত রেস্তোরাঁ সুকিয়াবাশি জিরোতে নৈশভোজ করেন। বিশ্বের সেরা সুশি ওই রেস্তোরাঁয় রান্না করা হয় বলে জনশ্রুতি রয়েছে। খাওয়ার সময় ওবামা সরাসরি বাণিজ্যের বিষয়ে আলোচনা করেন।
ওই রেস্তোরাঁর একজন সুশি শেফের বরাত দিয়ে একই বেসমেন্টের আরেকটি রেস্তোরাঁর মালিক টোকিও ব্রডকাস্টিং সিস্টেমকে জানান, খাওয়ার অর্ধেক হলে চপ স্টিক তুলে রাখেন ওবামা।
ওবামা ঠিক কতটুকু খেয়েছেন—জানতে চাইলে এ ব্যাপারে সরকারের প্রধান মুখপাত্র ইয়োশিহিদে সুগা বলেন, ‘ওবামা ভালোই খেয়েছেন। তাঁর অভিব্যক্তি দেখে মনে হয়েছে তিনি সুশি খেয়ে তৃপ্তি পেয়েছেন।’ তিনি বলেন, এই নৈশভোজ দুই নেতার মধ্যে আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।