সুষমার সামনে অনেক চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রথম নারী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন সুষমা স্বরাজ৷ তাঁর সামনে এখন চ্যালেঞ্জের দীর্ঘ তালিকা৷ এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নষ্ট করার মতো সময়ও তাঁর হাতে নেই৷ ৬২ বছর বয়সী সুষমার দায়িত্ব নিয়ে বিশ্লেষকেরা এমনটাই মনে করছেন বলে জানিয়েছে দি ইকোনমিক টাইমস৷
বিশ্লেষকেরা বলছেন, বেশ কয়েক বছর ধরেই ভারতীয় কূটনীতি নানাভাবে হোঁচট খেয়েছে৷ এর কারণ মতাদর্শগত বিরোধ, পররাষ্ট্রনীতিতে অভ্যন্তরীণ রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার মতো বিভিন্ন বিষয়৷ পররাষ্ট্রনীতির আরও ক্ষতি করার আগেই নতুন পররাষ্ট্রমন্ত্রী সুষমাকে ক্ষিপ্রতার সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় এগোনো প্রয়োজন৷
বিশ্লেষকদের মতে, প্রথমেই সুষমা স্বরাজকে আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবশালী কিছু অংশীদার হাত করতে হবে৷ অবশ্যই এ তালিকার শীর্ষে থাকবে ওয়াশিংটন৷ চেষ্টা করতে হবে ভারত-মার্কিন সম্পর্ক মধুর করার৷ বেশ কিছু কারণে এ সম্পর্ক বর্তমানে ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছে৷ সাম্প্রতিকতম সময়ে এর ওপর খারাপ প্রভাব ফেলে যুক্তরাষ্ট্রে নিয়োজিত ভারতের সাবেক কূটনীতিক দেবযানী খোবড়াগাড়েকে গ্রেপ্তারের বিষয়টি৷
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পররাষ্ট্রমন্ত্রী সুষমাকে তৃতীয় বিশ্বের ভাবাদর্শ থেকে বেরিয়ে আসা জরুরি৷ এই আদর্শিক প্রবণতা ভারতীয় পররাষ্ট্রনীতিকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলছে৷ বিভিন্ন অনুরাগ-বিরাগের বাইরে গিয়ে তাঁকে ভারতের স্বার্থ খুঁজে বের করতে হবে৷