এক দশকের মধ্যে এই প্রথমবারের মতো জাপানের কোনো প্রধানমন্ত্রী রাশিয়া সফরে গেলেন। জাপানের প্রধানমন্ত্রীর এ সফরের মূল উদ্দেশ্য দীর্ঘদিন ধরে দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের বিরোধ সমাধানের জন্য আলোচনা শুরু করা এবং পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা।জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের রাশিয়া সফরে তাঁর সঙ্গে ১২০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলও রয়েছে। রাশিয়া সফর শুরুর আগে বার্তা সংস্থা ইতার-তাসকে দেওয়া সাক্ষাৎকারে আবে বলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগত আস্থার সম্পর্কও প্রতিষ্ঠা করতে চান। যা দুই দেশের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ নিয়ে আলোচনায় সহায়ক পরিবেশ তৈরি করতে পারে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়া ও জাপানের মধ্যে দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ চলছে। এই দ্বীপপুঞ্জ রাশিয়ায় ‘সাউথার্ন কুরিলস’ এবং জাপানে ‘নর্দান টেরিটরিস’ বলে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দ্বীপপুঞ্জ দখলে নেয় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। দ্বীপপুঞ্জে বিভিন্ন প্রজাতির মাছ, প্রাকৃতিক গ্যাস, তেল ও মূল্যবান খনিজ সম্পদের মজুত রয়েছে বলে মনে করা হয়।জাপান ওই দ্বীপপুঞ্জ নিজের ভূখণ্ড বলে দাবি করে। অন্যদিকে, রাশিয়ার নেতারা ওই অঞ্চলকে রাশিয়ার ‘কৌশলগত অঞ্চল’ বলে দাবি করেন। এই দ্বীপপুঞ্জ নিয়ে বিতর্কের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া ও জাপানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি। সিনহুয়া।