সুস্থ থাকার জন্য ১৫ মিনিট পরপরই খেতে হয় তাঁকে
২১ বছরের মার্কিন তরুণী লিজি ভেলাসকুয়েজ। উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি। কিন্তু ওজন মাত্র ২৭ কেজি। সুস্থ থাকতে ১৫ থেকে ২০ মিনিট পরপরই খেতে হয় তাঁকে। এর অর্থ হলো দিনে অন্তত ৬০ বার খাবার খান লিজি। কিন্তু ওজন কখনোই ২৭ কেজির ওপরে যায় না। এমনকি দিনে পাঁচ থেকে আট হাজার ক্যালরিসম্পন্ন খাবার খেয়েও ওজন বাড়েনি তাঁর।লিজি জানান, প্রতিদিনই ওজন মাপেন তিনি। যদি এক পাউন্ড ওজনও বাড়ে, তাহলে দারুণ খুশি হবেন তিনি। লিজি বলেন, ‘স্বাভাবিকভাবে চলাচলের মতো সুস্থ থাকতে ১৫ থেকে ২০ মিনিট পরপর খাবার খাই আমি। সারা দিন ধরে মিষ্টি, চকোলেট, পিৎজা, নুডলস ও কেকের মতো খাবার খেতে হয় আমাকে। তবে আমি হতাশ হই, যখন কেউ বলে আমার ক্ষুধামান্দ্য বা আমি খেতে পারি না।’লিজির মা রিতা (৪৫) জানান, নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই জন্ম হয় লিজির। জন্মের সময় তাঁর ওজন এক কেজিরও কম ছিল। তাঁকে গর্ভাশয়ে ধারণ করতে প্রয়োজনীয় তরলের পরিমাণও ছিল একেবারেই কম। জন্মের পর তাঁর বেঁচে যাওয়া নিয়ে চিকিৎসকেরাও বিস্ময় প্রকাশ করেন।প্রথমদিকে চিকিৎসকেরা একে বংশানুগতিবিষয়ক সমস্যা (জেনেটিক ডিজঅর্ডার) বলে ধারণা করেছিলেন। পরে লিজির জানাশোনায় কোনো সমস্যা না হওয়ায় তাঁদের সে ধারণা পাল্টে যায়। রিতা বলেন, লিজিকে জেনেটিক বিশেষজ্ঞদের কাছেও নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁরাও সমস্যা চিহ্নিত করতে পারেননি। লিজির এই সমস্যা বিশ্বজুড়ে চিকিৎসকদের নাড়া দিয়েছে। এখন তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিমন্যু গার্গের অধীন ডালাসের একটি চিকিৎসাকেন্দ্রে আছেন।অধ্যাপক গার্গ ও তাঁর দলের মতে, লিজির সমস্যাকে নিওন্যাটান প্রোগেরোইড সিনড্রোম (এনপিএস) বলে ধারণা করছেন। এর ফলে তাঁর দ্রুত বুড়িয়ে যাওয়া, মুখমণ্ডল ও শরীরের প্রয়োজনীয় চর্বি ঝরে পড়া ও কোষ ক্ষতিগ্রস্ত হওয়ার মতো সমস্যায় পড়তে হয়েছে। অধ্যাপক গার্গ বলেন, ‘আমরা এর আগেও কয়েকটি এমন সমস্যা দেখেছি। তবে প্রত্যেকের সমস্যাই একটু ভিন্ন ধরনের। আমরা লিজির সম্পর্কে আগাম কিছু বলতে পারছি না। তবে লিজি অনেক ভাগ্যবান। তাঁর দাঁত, হাড় ও অন্য অঙ্গ-প্রত্যঙ্গ বেশ স্বাভাবিক। তাই দেখতেও এমন অন্য রোগীদের চেয়ে বেশ ভালো। আমরা তাঁকে নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছি।’অধ্যাপক গার্গ জানান, লিজি তাঁর এই অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন। আগামী সেপ্টেম্বরে বইটি প্রকাশ করা হবে। টেলিগ্রাফ।