সুড়ঙ্গ তাঁদের শেষ আশ্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্যের আলো পৌঁছায় না সেখানে। বহে না ফুরফুরে বাতাস। গুমোট এক নিঝুম পরিবেশ। সঙ্গী বলতে বিষাক্ত মাকড়সাসহ কিছু পোকাপাকড়। তবু জায়গাটি যেন এক চিলতে স্বর্গ। স্টিভেন ও তাঁর বান্ধবী ক্যাথরিনের কাছে তাই। ৪০০ বর্গফুটের মতো জায়গায় থাকছেন তাঁরা। সেখানে চওড়া বিছানা আছে একটি। আছে কাপড় রাখার ওয়ার্ডরোব, বইয়ের তাক এবং আরও ছোটখাটো কিছু জিনিস। এক কোণে রান্না করার ব্যবস্থাও রয়েছে। স্টিভেন ও ক্যাথরিনের সংসারটি রয়েছে ২০০ মাইল দীর্ঘ একটি সুড়ঙ্গের ভেতর। এটি ফ্লাড টানেল বলে পরিচিত। বৃষ্টি বা বন্যার পানি নির্গমনের জন্য প্রস্তুত রাখা হয়েছে এই সুড়ঙ্গ। কখনো তেমন দুর্যোগ দেখা দিলে কলকলিয়ে পানি ঢুকবে এই সুড়ঙ্গে। নির্গমন পথের দিকে তখন সবেগে বয়ে যাবে জলধারা। সেই স্রোতের তোড়ে বিলীন হয়ে যাবে স্টিভেন ও ক্যাথরিনের শান্তির নিবাস। এরপরও তাঁরা নির্ভাবনায় সেখানে বাস করছেন। পার করছেন দিনের পর দিন। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের বিখ্যাত শহর লাসভেগাসে রয়েছে এই সুড়ঙ্গ। আনন্দ-ফুর্তির প্রাণকেন্দ্র বলে দুনিয়াজুড়ে খ্যাতি রয়েছে লাসভেগাসের। বিশ্বের সবচেয়ে জাঁকাল ক্যাসিনোগুলো রয়েছে লাসভেগাসে। স্টিভেন ও ক্যাথরিনের বসতঘরের ঠিক ওপরই রয়েছে লাসভেগাসের অন্যতম দামি ক্যাসিনো সিজার্স প্যালেস। লোকজনের অগোচরে এসব ক্যাসিনোতে গিয়ে জুয়ার স্লট মেশিন হাতড়ে দেখেন স্টিভেন ও ক্যাথরিন। ভাগ্য সদয় হলে শিকে ছেঁড়ার জো থাকে স্লট মেশিনে।মাদকাসক্তির কারণে একটি ভালো চাকরি হারান স্টিভেন। আর চাকরি না থাকলে যা হয়, থাকবস্তি হারিয়ে পথের মানুষ বনে যান তিনি। তারপর বাধ্য হয়ে চলে আসেন সুড়ঙ্গে। এর মধ্যে বান্ধবী হিসেবে জোটে ক্যাথরিন। কেবল স্টিভেন ও ক্যাথরিনই নন, আরও প্রায় এক হাজার চালচুলোহীন মানুষের বাস লাসভেগাসের ওই সুড়ঙ্গে। ডেইলি মেইল অনলাইন।