সূর্যের নতুন ছবি প্রকাশ করেছে নাসা
সূর্যের নানা রহস্যের কিনারা করতে গবেষণার অন্ত নেই। সম্প্রতি আমাদের সৌরজগতের কেন্দ্র এ নক্ষত্রের অভিনব আলোক ও ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো সোলার ডাইনামিকস অবজারভেটরি (এসডিও) নামের একটি টেলিস্কোপ এ ছবি তুলেছে। নাসা কর্তৃপক্ষ গত বুধবার এক সংবাদ সম্মেলনে এগুলো প্রকাশ করে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ছবিগুলো গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। গত ৪০ বছরের গবেষণায় যেসব প্রশ্নের উত্তর জানা সম্ভব হয়নি, এ চিত্রগুলো তার জবাব পেতে সাহায্য করবে। নাসার বিজ্ঞানী লিকা গুহঠাকুরতা বলেন, ‘এসডিও আমাদের কাছে নতুন হাবল টেলিস্কোপ।’ এর বিশেষত্ব তুলে ধরে তিনি বলেন, সূর্যের একটিমাত্র অংশের বদলে এটি পুরো নক্ষত্রটির একটি বৃহত্তর ছবি তোলায় সক্ষম, যাকে বলা হচ্ছে ‘ফুল ডিস্ক’ ছবি। গত ১১ ফেব্রুয়ারি ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে মহাকাশে যাত্রা শুরু করে এসডিও। এটি আগামী পাঁচ বছর সূর্যকে পর্যবেক্ষণ করবে। সিএনএন ও আল-জাজিরা অনলাইন।