সৃষ্টিকর্তার কাছে হুগো চাভেজের দীর্ঘায়ু কামনা
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ নিজের দীর্ঘায়ু কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন। গত বৃহস্পতিবার নিজ শহর বারিনাসের এক গির্জায় তিনি এই প্রার্থনা করেন। ক্যানসারের চিকিৎসা শেষে কিউবা থেকে গত বুধবার দেশে ফেরেন চাভেজ।গির্জায় ক্যাথলিক সার্ভিসের উদ্দেশে দেওয়া বক্তৃতায় চাভেজ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে বলেন, ‘আমাকে দীর্ঘায়ু দান করো। কারণ, দেশ ও জনগণের জন্য আমার অনেক কাজ বাকি রয়েছে। এখনই আমাকে এই পৃথিবী থেকে তুলে নিয়ো না।’ এ সময় কান্নায় ভেঙে পড়েন সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী এই নেতা।৫৭ বছর বয়সী চাভেজের শারীরিক অবস্থা সম্পর্কে খুব কমই তথ্য পাওয়া যায়। তাঁর ক্যানসার হয়েছে, এটা জানা গেলেও তা কী ধরনের ক্যানসার, তা জানা যায়নি। এক বছরেরও কম সময়ের মধ্যে তাঁর তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। চাভেজ বুধবার দেশে ফিরে দাবি করেন, তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। ধীরে ধীরে সেরে উঠছেন এবং আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার মতো সুস্থ আছেন। এএফপি।