সেই অগ্ন্যুৎপাতে ইউরোপে নিশ্চিহ্ন হতে পারে প্রাণ
ভয়াল দানবের মতো সুপ্ত শক্তি নিয়ে ঘুমিয়ে আছে এটি। হঠাৎ জেগে উঠে যদি এটি শক্তি জাহির করে, তাহলে ঘটে যেতে পারে প্রলয়ংকরী ঘটনা। ইউরোপ থেকে নিশ্চিহ্ন হতে পারে মানুষসহ সব প্রাণীর অস্তিত্ব। এটি মহাশক্তিধর একটি আগ্নেয়গিরি, যার নাম ক্যাম্পি ফ্লেগরি কালদেরা। এ তথ্য ও আশঙ্কা আগ্নেয়গিরি বিশেষজ্ঞদের। ইতালির নেপলসের কাছে কালদেরার অবস্থান। আগ্নেয়গিরিটি এমন এক জায়গায়, যার কাছেই রয়েছে আরেকটি ভয়াল আগ্নেয়গিরি মাউন্ট ভিসুভিয়াস। দুই হাজার বছর আগে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়েছিল পম্পেই নগর। বিজ্ঞানীদের মতে, ভূপৃষ্ঠ থেকে কালদেরার সাড়ে চার মাইল গভীরে রয়েছে আগ্নেগিরির গলিত লাভা। তা ক্রমে উঠে আসছে ওপরের দিকে। এগুলো ক্রমে পরিবর্তীত হয়ে কঠিন হচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তরে এসে এগুলো পাথরে পরিণত হয়। এসব পাথর দেখতে স্পঞ্জের মতো। পরে ফুটন্ত পানি থেকে গ্যাস এসে এসব পাথরের রন্ধ্রে ঢুকে এগুলোতে প্রচণ্ড গতির সঞ্চার করছে। কালদেরার অগ্ন্যুৎপাতের সময় এসব পাথর সবেগে বেরিয়ে আসবে ভূপৃষ্ঠের ওপর। আগ্নেয়গিরি বিশেষজ্ঞদের মতে, কালদেরার অগ্ন্যুৎপাতে যে বিস্ফোরণ ঘটবে, এর শক্তি আইসল্যান্ডের এয়াকিউয়াতলুয়োকটুল আগ্নেয়গিরির বিস্ফোরণের ২০০ গুণ বেশি হতে পারে। গত বছর এয়াকিউয়াতলুয়োকটুলের অগ্ন্যুৎপাতে গোটা ইউরোপের বিমান চলাচলব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।এখন যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সমন্বয়ে গড়া একটি আন্তর্জাতিক আগ্নেয়গিরি বিশেষজ্ঞ দল ওই আগ্নেয়গিরির সঠিক অবস্থান এবং সম্ভাব্য অগ্ন্যুৎপাত নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। এ ব্যাপারে নেপলসে ২০ বছর ধরে বাস করা ব্রিটিশ আগ্নেয়গিরি বিশেষজ্ঞ ক্রিস কিলবার্ন বলেন, এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটলে এর ধকল পোহাতে হবে পরবর্তী ৬০ বছর ধরে। ডেইলি মেইল অনলাইন।