সেই আফগান কিশোরীর শ্বশুরসহ তিনজনকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের কিশোরী বধূ সাহার গুলকে শৌচাগারে আটকে রেখে বর্বর নির্যাতনের অপরাধে তার শ্বশুর, শাশুড়ি ও ননদকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন সে দেশের সুপ্রিম কোর্ট। গতকাল শনিবার কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছে।গুলকে (১৫) গত ডিসেম্বরে বাঘলান প্রদেশে তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়। তাকে একটি শৌচাগারে অন্তত ছয় মাস আটকে রেখে পিটিয়ে, নখ উপড়ে ও আগুনে পুড়িয়ে বর্বর কায়দায় নির্যাতন চালানো হয়। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আফগানিস্তান ও বহির্বিশ্বে হইচই ফেলে দেয়।সুপ্রিম কোর্টের মুখপাত্র আবদুল ওয়াকিল ওমরি এএফপিকে বলেন, এ ঘটনায় করা মামলার রায় গত মঙ্গলবার ঘোষণা করা হয়।গুলকে আইনি সহায়তাদানকারী মানবাধিকার সংগঠন উইমেন ফর আফগান উইমেন এই রায়ে সন্তুষ্ট নয়। সংগঠনটির প্রোগ্রাম ব্যবস্থাপক হুমা সাফি বলেছেন, একটা মেয়েকে নির্যাতন করে প্রায় মেরে ফেলা হয়েছিল, এই অপরাধের শাস্তি মাত্র ১০ বছরের কারাদণ্ড কী করে হয়? তিনি বলেন, এই রায়ের বিরুদ্ধে আপিলের জন্য গুলকে সহায়তা দেওয়া হবে।নির্যাতনের ঘটনায় গুলের স্বামী ও দেবর জড়িত ছিলেন বলে অভিযোগ থাকলেও তাঁরা ধরাছোঁয়ার বাইরে। এএফপি।