সেই ইশারা ভাষার উপস্থাপক মানসিক হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেলসন ম্যান্ডেলার স্মরণসভায় অর্থহীন অঙ্গভঙ্গি করা ইশারা ভাষার উপস্থাপক থামসাংকা জ্যান্টজিকে (৩৪) একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম গতকাল বৃহস্পতিবার এ খবর দিয়েছে।
ম্যান্ডেলার স্মরণসভায় জ্যান্টজি এমন অঙ্গভঙ্গি করেন, যার মাথামুণ্ড কিছুই বুঝতে পারেননি প্রতিবন্ধীরা। এ নিয়ে প্রতিবন্ধীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন।
গত সপ্তাহে অনুষ্ঠিত স্মরণসভায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ম্যান্ডেলার নাতিসহ বিশ্বনেতারা বক্তৃতা করেন। তাঁদের বক্তব্য প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষায় রূপান্তর করতে জ্যান্টজিকে আনা হয়। তবে তিনি সেদিন অনুষ্ঠানমঞ্চে যেসব অঙ্গভঙ্গি করেন, তা ছিল অর্থহীন। ফলে বিশ্বব্যাপী যেসব শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ওই অনুষ্ঠান দেখেন, তাঁরা কিছুই বুঝতে না পেরে ক্ষুব্ধ হন। এ নিয়ে জ্যান্টজির দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে।
তবে জ্যান্টজি দাবি করেন, তিনি ইশারা ভাষায় অত্যন্ত দক্ষ। অনুষ্ঠান চলাকালে তিনি সিজোফ্রেনিয়ায় (মানসিক জটিলতা) আক্রান্ত হয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকার সংবাদপত্র স্টার গতকাল জানায়, জ্যান্টজিকে গত মঙ্গলবার জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলে স্টার্কফন্টেইন সাইকিয়াট্রিক হাসপাতালে নিয়ে যান তাঁর স্ত্রী সিজি। চিকিৎসকেরা তখন তাঁকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এএফপি।