সেই উগ্রপন্থী এনটোয়ান এখন ম্যান্ডেলার ভক্ত

‘আমি তখন ছিলাম একেবারেই তরুণ। রক্ত ছিল গরম। সত্যি বলতে, অপরিপক্বও। এখন তা ভালো করেই বুঝি। আর তিনিই আমাকে এটা শিখিয়েছেন।’
নেলসন ম্যান্ডেলা সম্পর্কে এ কথাগুলো দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী যুগে প্রতিক্রিয়াশীল ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত মোহলোমোলা এনটোয়ানের। বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদী নেতাকে শেষবিদায় জানাতে বৃহস্পতিবার প্রিটোরিয়ায় এসেছিলেন এনটোয়ানে। তাঁকে শেষবারের মতো দেখতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ছিলেন।
তরুণ বয়সে এনটোয়ানে (বর্তমান বয়স ৫৬) যোগ দিয়েছিলেন সাউথ আফ্রিকান স্টুডেন্টস অর্গানাইজেশনে (এসএএসও)। একপর্যায়ে সংগঠনটি ব্ল্যাক কনশাসনেস মুভমেন্ট নামের একটি উগ্রপন্থী সংগঠনের সঙ্গে একীভূত হয়। এনটোয়ানে হয়ে যান সেই আফ্রিকান কৃষ্ণাঙ্গ তরুণদের একজন, যাঁরা মনে করতেন, কৃষ্ণাঙ্গদের মুক্তির প্রধান সংগঠন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) অকার্যকর হয়ে পড়েছে। তাদের দিয়ে অধিকার আদায় হবে না।
এনটোয়ানে বললেন, ‘মনে রাখতে হবে যে ম্যান্ডেলাসহ শীর্ষ সব এএনসি নেতাই তখন কারাগারে ছিলেন। আন্দোলনে কোনো ধারাবাহিকতা ছিল না। আমরা অধৈর্য হয়ে পড়েছিলাম। আমরা অনুভব করছিলাম, এএনসি ধীর গতিতে চলছে। আমরা যেকোনো মূল্যে ক্ষমতা চাইছিলাম।’
১৯৮৯ সালে এনটোয়ানের বন্ধু ও সহকর্মী ডেভিড ওয়েবস্টার নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। এ সময় তিনিও ছিলেন নিরাপত্তা বাহিনীর সম্ভাব্য লক্ষ্যবস্তু। বিষয়টি জানতে পারার পর যুক্তরাজ্যে চলে যান এনটোয়ানে। সেখানে প্রায় আড়াই দশক কাটিয়েছেন তিনি। নিজেকে সম্পৃক্ত করেছেন বিভিন্ন সংগঠনের সঙ্গে।
২৭ বছরের জেল খেটে ১৯৯০ সালে ম্যান্ডেলা মুক্তি পেয়েছেন। চার বছর পর দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছেন। এসবই প্রত্যক্ষ করেছেন এনটোয়ানে। ম্যান্ডেলার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘কী এক মানুষ! কী এক নায়ক! তাঁকে কোনো সীমানা বা আদর্শের গণ্ডিতে আটকানো যাবে না। সবকিছুর ঊর্ধ্বে তিনি।’
ম্যান্ডেলা দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পর অবশ্য এই এনটোয়ানেই তাঁর নীতি নিয়ে সন্দিহান ছিলেন। সে কারণেই যুক্তরাজ্যে থেকে যান। তিনি মনে করতেন, জাতি-বর্ণনির্বিশেষে সবার সহাবস্থান ও বহুজাতিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার ব্যাপারে ম্যান্ডেলার নীতি ছিল উচ্চাভিলাষী। নিজের সেই ভুল আজ অকপটে স্বীকার করেন তিনি। বলেন, ‘আমার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত সংকীর্ণ...আমি ভেবেছিলাম, সবই ব্যর্থ হবে। তবে তা হয়নি। তিনি জনগণকে চেষ্টা করতে আত্মবিশ্বাস জুগিয়েছেন। তা কেবল কৃষ্ণাঙ্গদের নয়, শ্বেতাঙ্গদেরও।’
এনটোয়ানো জানান, আগামী বছর তিনি দক্ষিণ আফ্রিকায় স্থায়ীভাবে ফিরে আবার রাজনীতি শুরু করবেন। এর মাধ্যমে কিছুটা হলেও দেশের কল্যাণে অবদান রাখতে পারবেন। এএফপি।