নয়াদিল্লির বহুল আলোচিত বাসে গণধর্ষণের ঘটনায় গতকাল শনিবার কিশোর অপরাধ আদালতের মামলার রায় হয়েছে। এতে ওই ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত তরুণকে দোষী সাব্যস্ত করে তিন বছরের জন্য সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালত এ মামলার রায় দেওয়া চার বার পিছিয়ে ছিল। গণধর্ষণের শিকার ছাত্রীর পরিবার রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেছে, আরও কঠোর সাজা চেয়ে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। ওই আসামিকে প্রাপ্তবয়স্ক অপরাধী হিসেবে দণ্ড দেওয়া উচিত। বিভিন্ন শিশু অধিকার সংগঠন রায়ের পর জনসাধারণকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। ভারতের রাজধানীতে গত বছরের ১৬ ডিসেম্বর রাতে চিকিৎসাবিদ্যার এক ছাত্রী (২৩) একটি চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন। পরে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে ২৯ ডিসেম্বর তিনি মারা যান। ওই ঘটনার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ ও নিন্দা হয়। এএফপি, বিবিসি, এনডিটিভি।