লেবাননভিত্তিক জঙ্গিগোষ্ঠী হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, ইসলামের অবমাননা করে তৈরি চলচ্চিত্রের পুরোটা প্রকাশ করা হলে এর পরিণতি হবে ভয়াবহ। সংগঠনটির প্রধান শেখ হাসান নসরুল্লাহ গত সোমবার এ হুঁশিয়ারি দেন। মহানবী (সা.)-কে অবমাননা করে ইনোসেন্স অব মুসলিমস নামের চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে এক সপ্তাহ ধরে বিক্ষোভ চলাকালে বিশ্বের বিভিন্ন দেশে ১৯ জন নিহত হয়। গতকাল মঙ্গলবারও ভারতের কাশ্মীর, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়। ইনোসেন্স অব মুসলিমস চলচ্চিত্রটি ইতিমধ্যে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। এই চলচ্চিত্রের প্রতিবাদে গত সোমবার সপ্তাহব্যাপী বিক্ষোভের ডাক দেন নসরুল্লাহ।নসরুল্লাহ বলেন, এ চলচ্চিত্র নির্মাণ করে ইসলামের ওপর বড় ধরনের আক্রমণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে, এ চলচ্চিত্র পুরোটা প্রকাশ করা হলে পরিণতি হবে ভয়াবহ।ওই চলচ্চিত্রের নির্মাতা নাকুলা বাসিলে নাকুলাকে (৫৫) গত শনিবার থেকে দেখা যাচ্ছে না। প্রযোজক তাঁর পরিবার নিয়ে আত্মগোপনে রয়েছেন।গতকাল আফগান বিশ্ববিদ্যালয়ের কয়েক শ ছাত্রছাত্রী বিক্ষোভ করেন। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তাঁরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেন। যুক্তরাষ্ট্রের ধ্বংস চেয়ে তাঁরা স্লোগান দেন। এ ছাড়া তাঁরা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছবিও পোড়ান।ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভ হয়। এ সময় তারা যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এক বিক্ষোভকারী বলেন, ‘ইসলামি আইন অনুসারে ওই চলচ্চিত্র নির্মাতার মৃত্যুদণ্ড হতে হবে। আমরা এ দেশ থেকে মার্কিন দূতাবাস প্রত্যাহারে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।’ এ ছাড়া ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরেও বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দেয়। এএফপি।