সেই চিকিৎসকের ব্যাংক হিসাব জব্দ করেছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে খুঁজে পেতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সহায়তা দেওয়ার অভিযোগে পাকিস্তানের চিকিৎসক শাকিল আফ্রিদির ব্যাংক হিসাব জব্দ করেছে সরকার। গতকাল শনিবার ডন পত্রিকার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।খবরে বলা হয়েছে, হায়াতাবাদ, শামি রোড ও সদরসহ পেশোয়ারের বিভিন্ন এলাকায় চিকিৎসক আফ্রিদির আবাসন প্রতিষ্ঠান রয়েছে। ব্যাংক হিসাবসহ আফ্রিদি ও তাঁর স্ত্রীর নামে পাকিস্তানে যত সম্পত্তি আছে, সরকার তা জব্দ করেছে। কিছুদিন আগেই আফ্রিদির পেশোয়ারের বাসভবন জব্দ করে সরকার।অভিযোগ রয়েছে, ওসামা ও তাঁর পরিবারের সদস্যদের ডিএনএ সংগ্রহের উদ্দেশে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) মদদে চিকিৎসক আফ্রিদি ভুয়া পোলিও টিকা কর্মসূচি পরিচালনা করেছিলেন।যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী গত বছরের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের গোপন আস্তানায় অভিযান চালিয়ে ওসামাকে হত্যা করে। এরপরই পাকিস্তান ও আফগান সীমান্ত এলাকা থেকে চিকিৎসক আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হয়, আফ্রিদি তখন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। পাকিস্তানের ফেডারেল সরকার অনুমোদন দিলে তাঁর বিরুদ্ধে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে মামলা দায়ের করা হবে। হিন্দুস্তান টাইমস অনলাইন।