সেই ছাত্রীর নাম প্রকাশের পক্ষে তাঁর বাবা
ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া সেই মেডিকেলের ছাত্রীর নাম প্রকাশের পক্ষে অবস্থান নিয়েছেন তাঁর বাবা। গতকাল রোববার ব্রিটেনের সানডে পিপল পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি চাই আমার মেয়ের নাম প্রকাশ করা হোক, যাতে যৌন নির্যাতনের শিকার অন্যদের এই নাম অনুপ্রেরণা জোগাতে পারে।’এদিকে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি রাজসাক্ষী হওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন।ওই ছাত্রীর বাবা সাক্ষাৎকারে আরও বলেন, ‘আমি চাই, পৃথিবী তার প্রকৃত নাম জানুক। আমার মেয়ে কোনো ভুল কাজ করেনি। নিজেকে রক্ষা করতে গিয়ে সে মৃত্যুবরণ করেছে। আমি এ জন্য গর্বিত। তার প্রকৃত নাম প্রকাশ করা হলে এ ধরনের হামলার শিকার অন্য নারীরা সাহসী হয়ে ওঠার অনুপ্রেরণা পাবে। এতে অন্যরা বেঁচে থাকার শক্তি পাবে।’তবে ভারতের প্রচলিত আইন অনুযায়ী, যৌন নির্যাতনের শিকার কারও নাম প্রকাশ করা নিষিদ্ধ।গণধর্ষণ ও হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে পবন গুপ্ত ও বিনয় শর্মা লিগ্যাল এইড কাউন্সিলের সহযোগিতা নিতে চান না বলে আদালতে জানান। এ ছাড়া ১৪ দিনের রিমান্ড শেষে গতকাল মেট্রোপলিটন হাকিম আদালতে হাজির করা হলে তাঁরা ওই ঘটনায় রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেন। অন্য দুই আসামি বাসচালক রাম সিং ও তাঁর ভাই মুখেশ আদালতের কাছে এই মামলা লড়ার জন্য আইনি সহযোগিতা চান। অন্য আসামি অক্ষয় ঠাকুরকে আজ সোমবার আদালতে হাজির করার কথা। এই মামলার ষষ্ঠতম আসামির বয়স ১৮-এর নিচে। তাই তার বিচার হবে অন্য আদালতে। রয়টার্স ও দ্য টাইমস অব ইন্ডিয়া।