সেই ছাত্রীর পরিবারকে ১৫ লাখ রুপি দিচ্ছে সরকার
ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া ছাত্রীর পরিবারকে ১৫ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে তাঁর পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে।দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর অংশহিসেবে এই আর্থিক সহায়তাদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। গত ১৬ ডিসেম্বর রাতে দক্ষিণ দিল্লিতে ২৩ বছর বয়সী ওই ছাত্রী গণধর্ষণের শিকার হন। এর পর তাঁকে ও তাঁর ছেলেবন্ধুকে বেদম মারধর করে দুর্বৃত্তরা। বন্ধুকে রড দিয়ে বেধড়ক পেটায় এবং চলন্ত বাস থেকে তাঁদের ফেলে দেওয়া হয়। এর পর ওই ছাত্রীকে নয়াদিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়।ওই হাসপাতালে ১০ দিন চিকিৎসার পরও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ২৭ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গত শনিবার স্থানীয় সময় ভোর চারটা ৪৫ মিনিটে মারা যান তিনি। টাইমস অব ইন্ডিয়া।