সেই তথ্য গোপন রাখতে নির্দেশ দিয়েছিলেন চার্চিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) বিষয়ক একটি তথ্য গোপন রাখার নির্দেশ দিয়েছিলেন, যা ৫০ বছরের বেশি সময় ধরে চাপা থাকে। ওই সময় যুক্তরাজ্যের বিমানবাহিনী রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) একটি বিমান ইংল্যান্ডের পূর্ব উপকূলে একটি ইউএফওর মুখোমুখি হয়। ঘটনাটি জনমতে তীব্র আতঙ্ক সৃষ্টি করতে পারে আশঙ্কায় খবরটি চেপে রাখতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি। গতকাল বৃহস্পতিবার ন্যাশনাল আর্কাইভস এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি প্রকাশ করে অনলাইনে। ১৮টি ফাইলে প্রকাশিত এসব নথিতে পাঁচ হাজারের বেশি পৃষ্ঠা রয়েছে। ১৯৯৫ থেকে ২০০৩ সালের মধ্যে নথিতে তথ্যগুলো সন্নিবিষ্ট করা হয়। নথিতে প্রকাশিত তথ্যানুযায়ী, চার্চিল যে ওই নির্দেশ দিয়েছিলেন, তা দাবি করেন লিচেস্টার বিশ্ববিদ্যালয়ের একজন পদার্থবিজ্ঞানী। তাঁর নাম প্রকাশ করা হয়নি। ওই বিজ্ঞানীর দাদা চার্চিলের একজন দেহরক্ষী ছিলেন। বিজ্ঞানী ১৯৯৯ সালে সরকার বরাবর চিঠি লিখে এ ঘটনার ব্যাপারে জানতে চান। তিনি দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁর দাদা আরএএফের সদস্য ছিলেন। ইউএফওর বিষয় নিয়ে চার্চিল যখন মার্কিন জেনারেল ডুইট আইজেনহাওয়ারের সঙ্গে গোপন বৈঠক করছিলেন, এ সময় সেখানে ছিলেন বিজ্ঞানীর দাদা। পরে দাদা পরিবারের সদস্যদের কাছে বলেন, চার্চিল বলেছিলেন যে এ ঘটনা সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করবে। এর জের ধরে ধর্মকর্মের ব্যাপারে তাদের বিশ্বাসও নষ্ট হতে পারে। নথিতে উল্লেখ করা ঘটনা অনুযায়ী, দায়িত্ব পালন শেষে ফ্রান্স বা জার্মানি থেকে ফেরার পথে আরএএফের একটি বিমান ওই ইউএফওর মুখোমুখি হয়। প্রকাশিত ইউএফও-বিষয়ক নথির রচয়িতা ডেভিড ক্লার্ক বলেন, যদিও শোনা কথা থেকে চার্চিলের এ নির্দেশ সম্পর্কে বলা হচ্ছে, তবে এতে কণা পরিমাণ হলেও সত্য থাকতে পারে। কারণ, ইউএফও নিয়ে চার্চিলের যে গভীর আগ্রহ ছিল, এ কথা আমরা সবাই জানি। টেলিগ্রাফ, স্কাই নিউজ।