সেই মেগরাহি কোমায়
লকারবি বোমা হামলাকারী সেই আবদেল বাসেত আলী আল-মেগরাহী গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন। তিনি লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে নিজের বাড়িতেই আছেন।সিএনএন জানায়, মেগরাহি মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাঁকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। মেগরাহীর ছেলে খালিদ বলেন, ‘আমরা তঁকে শুধু অক্সিজেন দিয়েছি। কেউ আমাদের কোনো পরামর্শ দেয়নি। কোনো চিকিৎ সকও নেই, আর চিকিৎ সক ডাকারও কেউ নেই। ফোন করে কারও কাছে যে সাহায্য চাইব, সে ব্যবস্থাও নেই। আমাদের বাসায় কোনো ফোন লাইন নেই।’ শারীরিক অসুস্থতার কারণে ২০০৯ সালে স্কটল্যান্ডের কারাগার থেকে মেগরাহিকে মুক্তি দেওয়া হয়। তাঁকে আবার ব্রিটেনের কারাগারে নিয়ে যাওয়া অথবা যুক্তরাষ্ট্রে নিয়ে বিচারের কথা আছে। তবে লিবিয়ার বিদ্রোহী নেতারা জানান, তাঁরা মেগরাহিকে অন্য দেশের হাতে তুলে দিতে চান না।১৯৮৮ সালে স্কটল্যান্ডের লকারবিতে মার্কিন বিমানে বোমা হামলায় ২৭০ জন নিহত হয়। এ ঘটনায় ২০০১ সালে মেগরাহিকে কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু পরে তাঁর ক্যানসার ধরা পড়ে এবং তাঁকে মুক্তি দেওয়া হয়। তবে কাগজে-কলমে তিনি স্কটল্যান্ডের বন্দী হিসেবেই বিবেচিত এবং স্কটল্যান্ডের ইস্ট রেনফ্রিশায়ার কাউন্সিলের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রাখার কথা।মেগরাহীর অবস্থান ও তাঁর শারীরিক অবস্থা নিয়ে খবর প্রকাশের পর স্কটল্যান্ডের সরকার এবং ইস্ট রেনফ্রিশায়ার কাউন্সিল জানায়, মেগরাহির পরিবারের সঙ্গে গত শনিবার তাদের যোগাযোগ হয়েছে। কয়েক দিন ধরে মেগরাহিকে নিয়ে যেসব ধারণামূলক খবর প্রচারিত হচ্ছে, তা মোটেও কাম্য নয়। তিনি ক্যানসারে ভুগছেন। কাজেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে অযথা কথা না বলাই ভালো। বিবিসি অনলাইন।