সেই সব গাছ নিয়ে পার্ক
পবিত্র কোরআন শরিফের মাহাত্ম তুলে ধরতে দুবাইয়ে তৈরি করা হচ্ছে একটি বিশাল পার্ক। আগামী বছর দর্শনার্থীদের জন্য ওই পার্ক উন্মুক্ত করা হতে পারে। পবিত্র কোরআন শরিফে বর্ণিত মোট ফল ও সবজিসহ ৫৪ প্রজাতির গাছের মধ্যে ৫১ প্রজাতির গাছ থাকবে ওই পার্কে।
১৫৮ একর এলাকায় গড়ে তোলা হচ্ছে এই পবিত্র কোরআন পার্ক। এর অবকাঠামো নির্মাণের কাজ পুরোদমে চলছে। আগামী বছরের সেপ্টেম্বরে কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
সাধারণ প্রকল্প বিভাগের পরিচালক মোহাম্মদ নূর মাশরুম বলেন, ডুমুর, ডালিম, জলপাই, পেঁয়াজ, রসুন, বার্লি, মসুর, গম, আদা, লাউ, তরমুজ, হলুদ, তিল, কলা, শসা, পুঁইশাকসহ ৩১ ধরনের গাছ ইতিমধ্যে রোপণ করা হয়েছে। তৃতীয় দফায় রোপণ করা হবে ২০ জাতের গাছ। দ্বিতীয় দফায় ৩২ হেক্টর এলাকা প্রস্তুত করা হয়েছে। পার্কটি তৈরি করতে মোট ব্যয় হচ্ছে ৭০ লাখ ডলার।
দর্শনার্থীদের ঘুরিয়ে ঘুরিয়ে পবিত্র কোরআন শরিফের মাজেজার বাস্তব চিত্র দেখাতে পার্কে একটি নয়নাভিরাম হ্রদও থাকছে। আরও থাকছে শীতাতপ নিয়ন্ত্রিত সুড়ঙ্গপথ। পিটিআই।