সেই 'শ্বেতাঙ্গ বিধবার' খোঁজে ইন্টারপোল
‘শ্বেতাঙ্গ বিধবা’ নামে পরিচিত ব্রিটিশ নারী সামান্থা লিউথওয়েটের খোঁজে নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। রহস্যময় এ নারী গত সপ্তাহে কেনিয়ার বিপণিবিতানে চালানো হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে।
কেনিয়ার অনুরোধে ইন্টারপোল গতকাল বৃহস্পতিবার ওই নোটিশ জারি করে। তবে আন্তর্জাতিক পুলিশ কর্তৃপক্ষটি এর সঙ্গে কেনিয়ার সন্ত্রাসী হামলার যোগসূত্রের কথা উল্লেখ করেনি।
সামান্থা লিউথওয়েট ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনে আত্মঘাতী বোমা হামলাকারী চারজনের অন্যতম জারমেইন লিন্ডসের বিধবা স্ত্রী। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ‘শ্বেতাঙ্গ বিধবা’ সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের সঙ্গে জড়িত। গত বছরও সোমালিয়ায় তাঁর উপস্থিতি ছিল। জঙ্গি সংগঠন আল-শাবাব নাইরোবির ওয়েস্টগেট বিপণিবিতানে গত শনিবারের হামলার ঘটনায় জড়িত বলে দাবি করেছে।
ইন্টারপোলের বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরক রাখা এবং ২০১১ সালের ডিসেম্বরে একটি হামলার ষড়যন্ত্র করার অভিযোগে ২৯ বছরের এই নারীকে গ্রেপ্তার করতে চায় কেনিয়া।
ইন্টারপোলের ‘রেড নোটিশ’-এর আওতায় সামান্থা লিউথওয়েটকে গ্রেপ্তার করার দায়িত্ব ১৯০টি সদস্য দেশের। এর আগে ২০১১ সালের ডিসেম্বরে বিস্ফোরক বহন ও হামলার ষড়যন্ত্র করার অভিযোগে কেনিয়া তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। কেনিয়ায় বিলাসবহুল হোটেল ও রেস্তোরাঁয় হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে খুঁজছে পুলিশ।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, বিপণিবিতান ওয়েস্টগেটে চার দিন ধরে চলা হামলায় নারী জঙ্গিরাও অংশ নিয়েছিল। আল-শাবাব এক টুইটার বার্তায় বলেছে, ‘আমাদের বোনেরা’ অভিযানে অংশ নিয়েছে।
হামলার ঘটনার তদন্ত চলছে। কেনিয়ার তদন্তকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা ও ইন্টারপোলের বিশেষজ্ঞরা কাজ করছেন।