জাপানের পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান শিনজো অ্যাবে বলেছেন, চীনের সঙ্গে বিরোধপূর্ণ দ্বীপের মালিকানা প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। উত্তরাধিকার সূত্রে সেনকাকু দ্বীপের মালিক জাপান।পার্লামেন্ট নির্বাচনের এক দিন পর গতকাল সোমবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে অ্যাবে এসব কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সেনকাকু দ্বীপের মালিক জাপান এবং জাপানই এর নিয়ন্ত্রক। এ নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই।পূর্ব চীন সাগরে অবস্থিত এই দ্বীপটির মালিকানা নিয়ে চীন-জাপানের মধ্যে বিরোধ চলছে। জাপানের পার্লামেন্ট নির্বাচনকালে চীন ঘোষণা করে, দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ করতে প্রস্তুত। তবে অ্যাবের দলের বিজয়ে সতর্কবাণী উচ্চারণ করে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘জাপান কোন পথে এগোচ্ছে, তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমাদের কাজ হচ্ছে, ভূখণ্ডের মালিকানা নিয়ে সৃষ্ট সমস্যা সঠিকভাবে মোকাবিলা করা।’জাপানের হবু প্রধানমন্ত্রী অ্যাবে বলেন, ‘নির্বাচনে বড় জয়ের পর আমাদের কাঁধে বড় দায়িত্ব বর্তেছে। তবে এই জয়ের অর্থ এই নয়, আমাদের দলের ওপর মানুষের আস্থা ফিরে এসেছে। বরং জনগণ এই ভোটের মাধ্যমে ক্ষমতাসীনদের ব্যর্থ নেতৃত্বের কারণে গত তিন বছরে যে রাজনৈতিক অচলায়তনের সৃষ্টি হয়েছিল, তা অবসানের পক্ষে রায় দিয়েছেন।’নির্বাচনে অ্যাবের দলের বিশাল জয়ে সেই ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের আশা করছেন জাপানিরা। পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে এলডিপি ৪৮০ আসনের ২৯৪টিই জিতেছে। বিবিসি ও এএফপি।