সেনা অভ্যুত্থান রুখতে গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে সেনাশাসন রুখতে বিরোধী গ্রুপ চালু করেছেন সদ্য ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল পুয়ে থাই পার্টির সাবেক নেতা জারুপং রুয়াংসুবান৷ সামরিক জান্তার বিরোধিতায় এই প্রথম আনুষ্ঠানিকভাবে এ ধরনের উদ্যোগ নেওয়া হলো৷ খবর এএফপির৷
সাবেক মন্ত্রী জারুপংয়ের বিরুদ্ধে থাইল্যান্ডে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে৷ তিনি বলেন, তাঁদের নতুন গ্রুপ ‘অর্গানাইজেশন অব ফ্রি থাইস ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ (এফটি-এইচডি) দেশে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে চাপ প্রয়োগ করবে৷
থাইল্যান্ডে ইংলাক সিনাওয়াত্রার সমর্থক ও বিরোধীদের মধ্যে টানা কয়েক মাসের রাজনৈতিক সংঘাতের পর গত ২২ মে সেনা অভ্যুত্থান হয়৷ ক্ষমতা দখলের পর থেকে জান্তা সরকার দেশজুড়ে ভিন্নমতাবলম্বীদের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছে। জান্তা সরকার গণমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপের পাশাপাশি শত শত লোকের বিরুদ্ধে সমন জারি এবং তাদের আটক করছে৷
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জারুপং এক বিবৃতিতে বলেন, অভ্যুত্থানবিরোধী নতুন গ্রুপ এফটি-এইচডি অন্য দেশ থেকে পরিচালিত হবে৷
অন্যান্য রাজনীতিকের মতো তাঁকে ২২ মের পর সামরিক বাহিনীর কাছে হাজিরা দিতে বলা হয়েছিল৷ নির্দেশ না মানায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়৷
সংগঠনটির সমর্থকদের মধ্যে রয়েছেন থাই পার্লামেন্টের সাবেক সদস্য, শিক্ষাবিদ, রেড-শার্ট নেতা এবং সেনা অভ্যুত্থানবিরোধী অন্যরা৷