সেনা আইনে বিচার হবে ফনসেকার
শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান ও সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী শরত্ ফনসেকার বিচার সামরিক আদালতে করা হবে। গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার কর্মকর্তারা এ কথা জানান। গত সোমবার রাজধানী কলম্বোয় নিজ কার্যালয় থেকে ফনসেকাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে ফনসেকা সংবাদমাধ্যমকে বলেছিলেন, গত বছর তামিল বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে যেকোনো আন্তর্জাতিক তদন্তের মুখোমুখি হতে রাজি তিনি।এদিকে গতকাল কলম্বোয় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে ফনসেকার স্ত্রী আনোমা ফনসেকা অভিযোগ করেছেন, তাঁর স্বামীকে গ্রেপ্তার নয়, বরং অপহরণ করা হয়েছে। তিনি বলেন, ‘তারা (সামরিক পুলিশ) ফনসেকার সঙ্গে পশুর মতো আচরণ করেছে। তাঁকে টেনেহিঁচড়ে বের করেছে। এটা গ্রেপ্তার নয়, অপহরণ। তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, এখন তাঁর কী অবস্থা, আমি কিছুই জানি না।’ফনসেকা অসুস্থ উল্লেখ করে আনোমা আরও বলেন, ‘আমরা সব সময়ই আশঙ্কায় ছিলাম, সরকার আমার স্বামীকে গ্রেপ্তার করার চেষ্টা করবে।’এদিকে ফনসেকাকে গ্রেপ্তারের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে সামরিক বাহিনীর একজন কর্মকর্তা বলেন, ‘ফনসেকাকে গোপন সামরিক স্থাপনায় নিয়ে যাওয়া হয়েছে। সামরিক বাহিনীতে কর্মরত না থাকলেও তাঁকে সামরিক আইনে বিচারের মুখোমুখি করা হবে।’প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ফনসেকার বিরুদ্ধে বেশকিছু প্রতারণা ও অন্যান্য সামরিক অপরাধের অভিযোগ আনা হবে। গতকাল শ্রীলঙ্কার সরকারি গণমাধ্যমেও বলা হয়েছে, মিলিটারি পুলিশ ফনসেকাকে গ্রেপ্তার করেছে। নাটকীয় এই গ্রেপ্তারের আগে ফনসেকা তাঁর কার্যালয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, গত বছরের যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে যেকোনো আন্তর্জাতিক তদন্তের মুখোমুখি হতে রাজি তিনি। তিনি বলেন, ‘কেউ যুদ্ধাপরাধ করে থাকলে তাকে রক্ষা করতে রাজি নই আমি। যুদ্ধাপরাধ করেছে, এমন কাউকে রক্ষা করাটা দেশপ্রেমিকের আচরণ নয়।’ তিনি ওই সময় আততায়ীর হাতে নিহত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছিলেন।এদিকে ফনসেকার গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ফিলিপ ক্রাউলি বলেন, ‘আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।’ গত বছরের মে মাসে তামিল বিদ্রোহীদের যুদ্ধে পরাজিত করে শ্রীলঙ্কার সেনাবাহিনী। এর মাধ্যমে দেশটিতে দীর্ঘ তিন দশকের গৃহযুদ্ধের অবসান ঘটে। ওই যুদ্ধে রণাঙ্গনে সরকারি বাহিনীর নেতৃত্ব দেন ফনসেকা। কিন্তু যুদ্ধশেষে এর সাফল্যের দাবি নিয়ে বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তাঁর। একপর্যায়ে ফনসেকা সেনাবাহিনী থেকে পদত্যাগ করে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। গত ২৬ জানুয়ারির নির্বাচনে পরাজয়ের পর ভোটগ্রহণে কারচুপির অভিযোগ তোলেন তিনি। এদিকে ফনসেকার বিরুদ্ধে সেনা অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র করার অভিযোগ তোলেন প্রেসিডেন্ট রাজাপক্ষে। পার্লামেন্ট বিলুপ্তশ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে নির্ধারিত সময়ের দুই মাস আগেই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গতকাল মঙ্গলবার পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন। সরকারের একজন মুখপাত্র গতকাল রাতে এ কথা জানান। গত সোমবার সাবেক সেনাপ্রধান ও সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী শরত্ ফনসেকাকে গ্রেপ্তারের এক দিন পরই পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণা দেওয়া হলো। মুখপাত্র জানান, মঙ্গলবার মধ্যরাত থেকে পার্লামেন্ট বিলুপ্তির আদেশ কার্যকর হবে। সম্ভাব্য পার্লামেন্ট নির্বাচনের তারিখ ৮ এপ্রিল। স্বাভাবিকভাবে ২২ এপ্রিল বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এবং আগামী জুনের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। খবর এএফপি ও বিবিসির।