সেনা কর্মকর্তাদের নাচতে বাধ্য করেছিলেন মার্কোস!
ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফার্ডিনান্ড মার্কোস। তাঁর স্বেচ্ছাচারিতার মাত্রা যেন সবকিছুকেই ছাপিয়ে গিয়েছিল। রুচিহীন স্বেচ্ছাচারিতায় এতটাই মেতে উঠেছিলেন যে তিনি নিজের এক জন্মদিনের অনুষ্ঠানে দেশের শীর্ষ সেনা কর্মকর্তাদের মেয়েলি পোশাক পরে নাচতে বাধ্য করেন। এই উদ্ভট ধাঁচের জন্মদিন পালনের পরিকল্পনা ছিল তাঁর স্ত্রী ফার্স্টলেডি ইমেলদা মার্কোসের। উইকিলিকসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত শতকের সত্তরের দশকের মাঝামাঝি ফিলিপাইনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম সুলিভান স্বৈরাচারী ফার্ডিনান্ড ও ইমেলদার নানা কীর্তির সমালোচনা করে ওয়াশিংটনে কয়েক দফা বার্তা পাঠান। পরবর্তীকালে বার্তাগুলো ফাঁস করে উইকিলিকস।১৯৭৩ সালের ১২ সেপ্টেম্বর পাঠানো একটি বার্তায় সুলিভান লেখেন, ‘ফার্ডিনান্ডের জন্মদিন উপলক্ষে দুদিনের এক বাজে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এটি এমনই বিরক্তিকর ছিল যে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে পর্যন্ত বলা হয়, ফার্ডিনান্ড তাঁর জন্মদিন টেবিলে ঘুমিয়ে কাটালেন।’সুলিভান লেখেন, অনুষ্ঠানের প্রতিটি আয়োজন ছিল রুচির দিক থেকে প্রশ্নবিদ্ধ। শীর্ষ সেনা কর্মকর্তাদের নিয়ে ছিল এর একটি আয়োজন। এতে মেয়েদের পোশাক পরে প্রেসিডেন্ট প্রাসাদে তাঁদের নাচতে বাধ্য করা হয়। এটি করা হয় ইমেলদার নির্দেশনায়। ফার্ডিনান্ড গণবিক্ষোভের মুখে ১৯৮৬ সালে সপরিবারে দেশ ছেড়ে পালান। এর তিন বছর পর যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে মারা যান। পরে ইমেলদা দেশে ফেরেন। এএফপি।