ইউক্রেন-সংকট নিয়ে উত্তেজনা কমানোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে একমত হয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এক বৈঠকে সংশ্লিষ্ট নেতারা এ ব্যাপারে একমত হন।
এ সমঝোতার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, জেনেভা বৈঠকে সমঝোতা হয়েছে। তাই ইউক্রেনে আর সেনা পাঠাতে চায় না মস্কো।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সরকারকে সতর্ক করে বলেছেন, তারা শক্তি প্রয়োগ করে দেশকে গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে সেখানে রুশ সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করা যাচ্ছে না। পুতিনের এ হুমকির মুখেই বুধবার রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলের বন্দর নগর মারিউপুলে ন্যাশনাল গার্ডের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এ সময় সেনাদের সঙ্গে সংঘর্ষে রুশপন্থী তিনজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়।
এ অবস্থায় ইউক্রেন-সংকট নিরসনের উপায় খুঁজতে গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় চার পক্ষের সংলাপ শুরু হয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ে দেসচায়তসিয়ার পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটনের মতো শীর্ষস্থানীয় কর্মকর্তারা এ সংলাপে অংশ নেন।
রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা কয়েক দিন ধরে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তাদের হটাতে অভিযান শুরু করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। কিয়েভের অভিযোগ, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করছে রাশিয়া। তবে মস্কো অভিযোগ অস্বীকার করে আসছে। পাশাপাশি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করতেও কিয়েভের প্রতি আহ্বান জানিয়ে মস্কো বলেছে, ইউক্রেনের রুশ ভাষাভাষীদের স্বার্থ রক্ষার অধিকার রাশিয়ার রয়েছে। এএফপি ও বিবিসি।