পাকিস্তান সরকার সেনা মোতায়েন বন্ধ করলে দেশটির তালেবান জঙ্গিরা অস্ত্রবিরতিতে রাজি। তেহরিক-ই-তালেবানের (টিটিপি) এক নেতার বরাত দিয়ে গতকাল শুক্রবার ডন পত্রিকার খবরে এ তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে টিটিপির নয় সদস্যের মনিটরিং কমিটির সঙ্গে সরকারের শীর্ষ কর্মকর্তাদের প্রথম দফা আনুষ্ঠানিক শান্তি আলোচনা হয়। এতে টিটিপির কমিটির নেতৃত্ব দেন কারি শাকিল। আলোচনায় শাকিল বলেন, মনিটরিং কমিটিকে শর্তসাপেক্ষে সরকারের সঙ্গে অস্ত্রবিরতিতে রাজি হওয়ার কর্তৃত্ব দিয়ে রেখেছে তালেবান নেতৃত্ব। পাকিস্তান সরকার যদি সেনা মোতায়েন বন্ধ করে, তাহলেই কেবল অস্ত্রবিরতি হবে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, তালেবান বন্দীদের এবং তালেবানের হাতে বন্দী সরকারের প্রতিনিধিদের মুক্তির ব্যাপারেও আলোচনা হয়। এ ক্ষেত্রে শাকিল প্রস্তাব দেন, সরকার তালেবান কারাবন্দীদের মুক্তি দিলে বিনিময়ে সরকার ও সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তালেবানের হেফাজতে থাকা ব্যক্তিদেরও ছেড়ে দেওয়া হবে।
প্রায় এক দশক ধরে চলা জঙ্গি তৎপরতা অবসানের উদ্দেশে শুরু হওয়া এ আলোচনায় একটি ‘রূপরেখা’ (রোডম্যাপ) তৈরির কাজ শুরু করা হবে বলে কথা। সরকারের পক্ষ থেকে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে। তবে এ নিয়ে এখনো দুই পক্ষের সমঝোতা হয়নি।
টিটিপি ২০০৭ সাল থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে জঙ্গি হামলা চালিয়ে আসছে। এসব হামলায় ইতিমধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। তালেবান জঙ্গিরা গোটা পাকিস্তানে শরিয়াহ্ আইন প্রতিষ্ঠা করতে লড়াই করছে। ডন ও বিবিসি।