সেনা সদর দপ্তরে থাই বিক্ষোভকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারীরা এবার সেনা সদর দপ্তর ও প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার দলীয় কার্যালয় ঘেরাও করেছে। আন্দোলনে যোগ দিতে গতকাল শুক্রবার তারা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।
গতকাল বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ইংলাক বলেন, ‘এই পরিস্থিতিতে দেশে আগাম সাধারণ নির্বাচন দেওয়ার কোনো সম্ভাবনা নেই।’ বিক্ষোভ দমনে বল প্রয়োগের অনুমতি দেবেন না বলেও জানান তিনি। ইংলাকের পদত্যাগের দাবিতে ছয় দিন ধরে রাজধানী ব্যাংককে বিক্ষোভ করছে বিরোধীরা। গতকাল হাজার হাজার বিক্ষোভকারী পতাকা হাতে সেনা সদর দপ্তরে ঢুকে পড়ে। তারা ইংলাকের সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে সেনাদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায়।
গতকাল ব্যাংককে ইংলাকের পুয়ে থাই পার্টির সদর দপ্তরের সামনেও শত শত বিক্ষোভকারী জড়ো হয়। তবে আগে থেকেই ভবনের আশপাশে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।
গত বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্নকক্ষে বিরোধী দল অনাস্থা ভোটের প্রস্তাব আনলেও সংখ্যাগরিষ্ঠ ইংলাকের দল পুয়ে থাই পার্টি সহজে জয়ী হয়। এরপর বিক্ষোভ বন্ধের আহ্বান জানান ইংলাক। কিন্তু তাঁর আহ্বানে সাড়া দেয়নি বিক্ষোভকারীরা। বরং পদত্যাগের জন্য সরকারের ওপর চূড়ান্ত চাপ সৃষ্টি করছে।
বিরোধীদের অভিযোগ, ইংলাক তাঁর বড় ভাই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার হাতের পুতুল। থাকসিনের নির্দেশে চলা এই সরকার দুর্নীতিতে ডুবে গেছে। এএফপি ও রয়টার্স।