সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার গুজব ভিত্তিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, সরকার অভ্যুত্থানের আশঙ্কা করে সেনাপ্রধান ও গোয়েন্দা বাহিনীর প্রধানকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে যে গুজব রটেছে তা ভিত্তিহীন। রাজধানী ইসলামাবাদে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।গিলানি বলেন, ‘গুজব রয়েছে, সরকার সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি ও ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ সুজা পাশাকে সরিয়ে দিতে চায়। এটা একেবারে ভিত্তিহীন।’প্রধানমন্ত্রী বলেন, ‘এক শ্রেণীর সুযোগসন্ধানী মানুষ এসব গুজব রটিয়েছে...এই গুজব সত্যি হলে তো আমি তাঁদের মেয়াদ বাড়ানোর কথা বলতাম না।’ তিনি বলেন, সেনাপ্রধান এবং আইএসআইয়ের প্রধানের দায়িত্বের মেয়াদ গত বছর পর্যন্ত ছিল। কিন্তু দেশ যেহেতু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, তাই আমি চেয়েছিলাম ওই দুজন তাঁদের দায়িত্ব পালন অব্যাহত রাখুন। তিনি আরও বলেন, ‘তাঁরা চাকরির মেয়াদ বাড়ানোর জন্য আমাকে বলেননি। আমিই তাঁদের এটা বলেছি।...আপনি কোনো যুদ্ধের মাঝপথে সেনাপ্রধান পরিবর্তন করতে পারেন না...আমরা যুক্তরাষ্ট্র নই।’প্রসঙ্গত, গত বছর কায়ানির মেয়াদ ২০১৩ সাল পর্যন্ত আর পাশার মেয়াদ ২০১২ সালের মার্চ মাস পর্যন্ত বাড়ানো হয়। এএফপি।