মিয়ানমারের সেনাবাহিনী ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ওই দেশের একটি নারীবাদী সংগঠন। একটি বেসামরিক সরকার ২০১০ সালে নির্বাচিত হওয়ার পরও মিয়ানমারে সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে।
উইমেনস লিগ অব বার্মা নামের সংগঠনটির দাবি, তারা মিয়ানমারে সেনাবাহিনীর বিরুদ্ধে নারী ধর্ষণের অন্তত ১০০টি প্রমাণ পেয়েছে। এর মধ্যে আট বছর বয়সী মেয়েশিশুকে নিপীড়নের মতো ঘটনাও ঘটেছে। সেনাবাহিনী জাতিগত সহিংসতা দমনে মোতায়েন রয়েছে, এমন এলাকায় অধিকাংশ ধর্ষণের ঘটনা ঘটেছে। দেশটির কাচিন ও উত্তরাঞ্চলীয় শান রাজ্যের বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় ধর্ষণের ঘটনা তুলনামূলক বেশি।
নারীবাদী সংগঠনটির এক প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় অর্ধেক ঘটনাই ছিল গণধর্ষণের। নির্যাতনের শিকার নারীদের মধ্যে ২৮ জনকে হয় হত্যা করা হয়েছে অথবা তাঁরা আহত হয়ে মারা গেছেন। তবে সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। বিবিসি।