সেনাবাহিনীকে এবার সামলাতে পারবেন নওয়াজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজ শরিফ
নওয়াজ শরিফ

পাকিস্তানের সেনাবাহিনী কতটা শক্তিশালী, তা নওয়াজ শরিফের চেয়ে ভালো আর কে জানেন? ১৯৯৯ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে সেনাবাহিনী তাঁকে ক্ষমতাচ্যুত করে। জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নওয়াজ। এ কারণে প্রশ্নটি এসে যায়, দেশের ক্ষমতাধর সেনাবাহিনীকে এবার তিনি সামলাতে পারবেন তো?
নব্বইয়ের দশকের শেষের দিকে পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসেন নওয়াজ। ক্ষমতায় থাকা অবস্থায় একজন সেনাপ্রধানকে বরখাস্ত করেছিলেন তিনি। আরেকজন সেনাপ্রধানকে প্রায় বরখাস্ত করেই ফেলেছিলেন।
তত্কালীন প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত প্রথম সেনাপ্রধান চুপ করে মেনে নেন। দ্বিতীয়জন, পারভেজ মোশাররফ, মেনে নেননি। তিনি নাটকীয়ভাবে পাল্টা অভ্যুত্থান ঘটান। নওয়াজকে ক্ষমতাচ্যুত ও সৌদি আরবে নির্বাসনে পাঠিয়ে নিজেই চেপে বসেন মসনদে।
ক্ষমতাচ্যুত হওয়ার আগে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়নে কাজ করছিলেন নওয়াজ। ওই সময় পাকিস্তানের সামরিক জেনারেলরা কারগিল যুদ্ধ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সেই যুদ্ধের জন্য মোশাররফকে দায়ী করা হয়। যুদ্ধে সমর্থন না দেওয়ার কথা জানিয়েছিলেন নওয়াজ।

নির্বাচনের মধ্য দিয়ে আবার ক্ষমতায় এসেছেন নওয়াজ। তবে সেবারের চেয়ে তাঁর আসন কিছুটা কম। সামনে আবার অনেক সমস্যা। ভারত-পাকিস্তানের সম্পর্কে টানাপোড়েন চলছে। পাকিস্তানের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। রাজনৈতিক অস্থিরতা তো আছেই। আরও আছে জঙ্গিবাদ। পাকিস্তানের অর্থনীতি, শান্তি ও নিরাপত্তা এখন তালেবানের হাতে জিম্মি। এসব কাজে সেনাবাহিনীর ওপর নির্ভর করতে হবে নওয়াজকে।

বিশ্লেষকদের মতে, নওয়াজ কতটা সফল হবেন, তা নির্ভর করছে দেশটির শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে তাঁর সম্পর্কের গতি-প্রকৃতির ওপর।

সামরিক বিশ্লেষক আয়েশা সিদ্দিকা আগার মতে, ‘আপাতত ফুরফুরে মেজাজেই সময়ই কাটাতে পারবেন নওয়াজ। কারণ, বর্তমান সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি আর মাত্র ছয় মাস পর অবসরে যাবেন। নতুন সেনাপ্রধানের দায়িত্ব বুঝে নিতে কেটে যাবে আরও বেশ কয়েক মাস।’

নওয়াজের জন্য পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধার একটি বড় চ্যালেঞ্জ হবে। ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরালো করে পাকিস্তান এগিয়ে যেতে পারবে। কিন্তু ভারতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের ক্ষেত্রেও সেনাবাহিনীর কথা ভাবতে হবে নওয়াজকে।

পাকিস্তান সেনাবাহিনী সব সময় ভারতকে তাদের চিরশত্রু মনে করে। ভারতের সঙ্গে পাকিস্তানের তিনটি যুদ্ধ পর্যন্ত হয়েছে। অতীতে নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের রাজনৈতিক নেতারা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করলেও সেনাবাহিনীর কারণে তা মুখ থুবড়ে পড়েছে। পরিস্থিতি এখন বদলেছে বলে মনে করেন অনেকে।

জঙ্গিবাদে জর্জরিত পাকিস্তানকে রক্ষায়ও সেনাবাহিনীর ওপর নির্ভর করতে হবে নওয়াজকে। জঙ্গি মোকাবিলায় সেনাবাহিনীর সঙ্গে তাঁর রাজনৈতিক অবস্থানের ওপর নির্ভর করেছে সার্বিক সফলতা।