পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি গতকাল সোমবার বলেছেন, সেনাবাহিনীকে খাটো করা কিংবা সেনাবাহিনীর সঙ্গে দেশের জনগণের বিভেদ সৃষ্টির কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। দেশের বিচার বিভাগ বা সুপ্রিম কোর্টকে উদ্দেশ করেই সেনাপ্রধান এই হুঁশিয়ারি দিলেন বলে মনে করা হচ্ছে।সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরী গত মাসে এক রায়ে বলেছিলেন, দেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ অবশ্যই বন্ধ করতে হবে। পাকিস্তানের ৬৫ বছরের ইতিহাসে অর্ধেকের বেশি সময় ক্ষমতায় থাকা সেনাবাহিনীর বিরুদ্ধে সচরাচর কোনো পক্ষই এতটা কঠোর ভাষায় কথা বলে না। সুপ্রিম কোর্টের ওই রায়ে সেনাবাহিনী ও বিচার বিভাগের মধ্যে উত্তেজনা আরও জোরালো হয়েছে।এক বিবৃতিতে জেনারেল কায়ানি বলেন, ‘জ্ঞাত বা অজ্ঞাত যেভাবেই হোক না কেন, পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বিভাগের মধ্যে বিভেদ সৃষ্টির যেকোনো পদক্ষেপে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।’ সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণত প্রকাশ্যে এমন বিবৃতি দেওয়া হয় না।১৯৯০ সালের সাধারণ নির্বাচনে কিছু রাজনীতিবিদকে জিতিয়ে আনতে তাঁদের আর্থিক সহযোগিতা দিয়েছিল তৎকালীন সরকার। এই অবৈধ আর্থিক লেনদেন করা হয়েছিল সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআইয়ের মাধ্যমে। ওই ঘটনায় দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে গত মাসে রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধের পাশাপাশি সেনাবাহিনীর গোপন রাজনৈতিক শাখা বন্ধের নির্দেশ দেন প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ।বিবৃতিতে সেনাপ্রধান কায়ানি বলেন, ‘আমরা দেশের যে কেউ, যেকোনো ধরনের ভুল করতে পারি। আইনের যথাযথ প্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’ ডন।