সেনাবাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দিলেন মুরসি
মিসরের সেনাবাহিনীকে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি গ্রেপ্তারের ক্ষমতা দিয়েছেন। খসড়া সংবিধানের ওপর গণভোটকে সামনে রেখে অস্থির পরিস্থিতির মুখে তিনি এই নির্দেশ দিলেন। এতে করে মিসরে আবার সামরিক শাসনের আশঙ্কা করছেন অনেকে।মুরসি নিজের ক্ষমতা বাড়িয়ে গত ২২ নভেম্বর এক ডিক্রি জারি করেন। এ নিয়ে শুরু হওয়া বিক্ষোভ থামাতে তিনি ওই ডিক্রি পরে বাতিল করলেও দেশের সাংবিধানিক পরিষদে পাস হওয়া খসড়া সংবিধানের ওপর ১৫ ডিসেম্বরের গণভোট অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছেন।মুরসিবিরোধী বিক্ষোভকারীদের বড় দাবি ছিল, এই গণভোট বাতিল করা। মিসরের বিরোধী দলগুলোর নেতারা মুরসির সর্বশেষ ওই পদক্ষেপ প্রত্যাখ্যান করে আজ মঙ্গলবার বিক্ষোভের ডাক দিয়েছেন। ইসলামপন্থী গোষ্ঠীগুলো জানিয়েছে, তারা পাল্টা বিক্ষোভ করবে। এতে করে রাজধানী কায়রোতে আবার সহিংস ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে।তবে মুরসিবিরোধীরা খসড়া সংবিধানের ওপর গণভোট বর্জন করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তারা বলছে, এই সংবিধান যে সাংবিধানিক পরিষদে পাস হয়েছে, সেটি মুরসির ইসলামপন্থী মিত্রদের নিয়ন্ত্রণাধীন।খসড়া সংবিধানসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য গত রোববার বৈঠক করে দেশটির সবচেয়ে বড় বিরোধী জোট ন্যাশনাল সালভেশন ফ্রন্ট। বৈঠক শেষে এক বিবৃতিতে তারা জানায়, ওই খসড়া সংবিধানকে তারা স্বীকৃতি দেবে না। কারণ, এতে মিসরের জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি।জোটের মুখপাত্র সামিহ আশৌর বলেন, ‘এই সংবিধান নিশ্চিতভাবেই বিভাজন ও সহিংসতা আরও বাড়াবে। তাই আসন্ন গণভোটকে আমরা প্রত্যাখ্যান করছি।’গণভোটের প্রতিবাদ জানাতে রোববার কায়রোতে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে জড়ো হয় কয়েক শ বিক্ষোভকারী। তারা মুসলিম ব্রাদারহুডবিরোধী স্লোগান দেয়। প্রেসিডেন্ট মুরসি এই ইসলামপন্থী সংগঠনটিরই সদস্য। বিক্ষোভকারীরা এ সময় ‘মুরসি, তোমার গুন্ডাদের থামাও’, ‘জনগণ এই সরকারের পতনের দাবি জানায়’ ইত্যাদি লেখা ব্যানার বহন করে। একজন বিক্ষোভকারী বলেন, ‘এর পরও ১৫ ডিসেম্বর গণভোটের আয়োজন করা হবে। আর ওই গণভোটকে “না” বলতেই আমরা এখানে সমবেত হয়েছি। একজন ধর্মনিষ্ঠ ব্যক্তি আমাদের শাসন করুক, তা আমাদের কেউই চায় না।’উত্তেজনাকর এই পরিস্থিতিতে মুরসি ১৫ নভেম্বরের গণভোটের ফল প্রকাশের আগ পর্যন্ত দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ও সরকারি স্থাপনাগুলো রক্ষায় সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্টের এই নির্দেশ গতকাল সোমবার থেকে কার্যকর হয়। নিরাপত্তা বিধানে পুলিশকে সহায়তা করার পাশাপাশি বেসামরিক লোককে গ্রেপ্তারে সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া হয়েছে।কায়রোতে বিবিসির সাংবাদিক জন লিয়েন জানান, মুরসির সর্বশেষ এই পদক্ষেপের পর পরিস্থিতি আরও জটিলতার দিকে মোড় নিচ্ছে বলে মনে হচ্ছে। অনেকের মধ্যে এমন ভয়ও দানা বাঁধছে যে, মিসর আবার সামরিক শাসনের দিকে ফিরে যাচ্ছে।মুরসি প্রথম থেকে দাবি করছেন, যে গণ-অভ্যুত্থানের মাধ্যমে গেল বছর স্বৈরশাসক হোসনি মোবারকের পতন হয়েছিল, তিনি সেই অভ্যুত্থানকে রক্ষার চেষ্টা করছেন। তবে মুরসির সমালোচকদের অভিযোগ, তিনি নিজেই একজন স্বৈরশাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বিবিসি।