সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে আনুন, শ্রীলঙ্কাকে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ বলেছে, শ্রীলঙ্কাকে অবশ্যই দেশের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে হবে। সেই সঙ্গে সংখ্যালঘু তামিল জনগোষ্ঠীর আস্থা অর্জনে দীর্ঘ গৃহযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের ব্যবস্থা করতে হবে।
জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক সংস্থার বার্ষিক প্রতিবেদনে এ পরামর্শ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার জাইদ রা’আদ আল হুসেইন বলেন, আন্তর্জাতিক বিচারকদের সমন্বয়ে গঠিত স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় অবশ্যই প্রত্যক্ষদর্শীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এর আগে গত বছর জাতিসংঘ বলেছিল, তামিল বিচ্ছিন্নতাবাদী লড়াইয়ের সময় সেনাবাহিনী ও বিদ্রোহী উভয় পক্ষই যুদ্ধাপরাধ করেছে।
শ্রীলঙ্কার সেনাবাহিনীর বিরুদ্ধে এখনো যথেচ্ছ গ্রেপ্তার, নির্যাতন, যৌন হয়রানি ও নজরদারির অভিযোগ পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, এসব অভিযোগের ব্যাপারে অবশ্যই দ্রুত ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া যেসব পরিকাঠামো ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতি এগুলোর জন্য দায়ী তার অবসান ঘটাতে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৫ সালের মার্চ মাসে গঠিত প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সরকার তার অবস্থান সংহত করে সংস্কারের জন্য সহায়ক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে। কিন্তু সুশাসন বিষয়ক সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার কাজ পিছিয়ে রয়েছে।