সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সজাগ থাকতে বললেন পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার মধ্যাঞ্চলে সেনাবাহিনীকে ‘লড়াইয়ের জন্য পুরোপুরি সজাগ’ থাকতে বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু গতকাল শনিবার এ কথা জানিয়েছেন৷ খবর এএফপির৷
ইউক্রেন সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার করার বিষয়টি ক্রেমলিন থেকে নিশ্চিত করার এক দিন পর পুতিনের এই ঘোষণা এসেছে৷ শইগু বলেন, সামরিক বাহিনীকে অনির্ধারিত মহড়ায় অংশ নিতে পুতিন আগেই নির্দেশ দিয়েছেন৷ এ মহড়া গতকাল থেকে শুরু হয়ে আগামী শনিবার পর্যন্ত চলবে৷
রাশিয়ার ওই সামরিক মহড়া শুরুর এক দিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো তাঁর দেশের গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে সপ্তাহব্যাপী একতরফা অস্ত্রবিরতির নির্দেশ দেন৷
ক্রেমলিন গত শুক্রবার রাতে কিয়েভের ওই অস্ত্রবিরতির ঘোষণা প্রত্যাখ্যান করে বলেছে, ওই ঘোষণার ফলে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সংলাপ শুরুর উদ্যোগ ব্যাহত হবে৷