সেনাবাহিনীতে আসছে রোবট
প্রযুক্তির বিকাশ ও অগ্রগতির সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনীতেও নতুনত্ব আনতে চাইছে। এর অংশ হিসেবে এবার সেনা কর্মকর্তাদের ভাবনায় এসেছে রোবট সেনা মোতায়েনের পরিকল্পনা। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে মাশুল দিতে হবে সেনাবাহিনীর বেশ কয়েক হাজার সদস্যকে।
এক জ্যেষ্ঠ মার্কিন সেনা কর্মকর্তা বলেন, তিনি সেনাবাহিনীর ব্রিগেড কমব্যাট টিমের আকার এক-চতুর্থাংশ কমিয়ে ফেলার চিন্তা করছেন। এটি কার্যকর হলে ঘাটতি পূরণে এই সেনাদের স্থলে রোবট সেনা ও দূরনিয়ন্ত্রিত সামরিক যান নিয়োগ করা হবে।
যুক্তরাষ্ট্রের সামরিক পত্রিকা ডিফেন্স নিউজ-এর খবর অনুযায়ী, সেনাবাহিনীর প্রশিক্ষণ ও ডকট্রিন কমান্ডের প্রধান ব্রিগেড কমব্যাট টিমের সেনাসংখ্যা চার হাজার থেকে তিন হাজারে কমিয়ে তাঁদের স্থলে রোবট সেনা নিয়োগের কথা বিবেচনা করছেন। তবে তিনি বলেন, এই মুহূর্তে প্রাণঘাতী অস্ত্রসজ্জিত স্বয়ংক্রিয় রোবট নামানোর কোনো পরিকল্পনা নেই।
বিশ্লেষকেরা বলছেন, মার্কিন সেনাবাহিনী এখনো বিখ্যাত টার্মিনেটর সিনেমার রোবোটিক খুনিদের মতো সেনাসদস্য মোতায়েনের সক্ষমতা থেকে বহু দূরে রয়েছে। নতুন ওই চিন্তাভাবনায় আপাতত মানবচালিত লরি ও অন্য যানবাহনের স্থানে রোবটচালিত সরবরাহ ট্রেন নামানোর প্রস্তাব রয়েছে।
কর্মকর্তারা জানান, মনুষ্যবিহীন বিমান (ড্রোন) ছাড়াও এরই মধ্যে আফগানিস্তানে রোবটচালিত কিছু সামরিক স্থলযানের পরীক্ষা করা হয়েছে। আগামী বছরের মধ্যে মার্কিন সেনাবাহিনীর সদস্য পাঁচ লাখ ৪০ হাজার থেকে কমিয়ে চার লাখ ৯০ হাজারে আনার কথা রয়েছে। এমন প্রেক্ষাপটেই জেনারেলদের মাথায় রোবট সেনা নামানোর পরিকল্পনা কাজ করছে। দ্য টেলিগ্রাফ।