সেনাবাহিনীর অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা ছিল না: সুজা পাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো অভিযানে নিহত হওয়ার পর পাকিস্তান সেনাবাহিনীর অভ্যুত্থান ঘটানোর কোনো পরিকল্পনা ছিল না। এমন কোনো পরিকল্পনা থাকলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) তা জানত। আইএসআইয়ের সাবেক প্রধান আহমেদ সুজা পাশা দেশটির বিচার বিভাগীয় কমিশনে গত বৃহস্পতিবার এ কথা বলেন।গত বছরের ২ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওসামাকে হত্যা করে মার্কিন কমান্ডো বাহিনী। ওই ঘটনার পর পাকিস্তান সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দিতে মার্কিন সহায়তা চেয়ে ‘গোপন চিঠি’ পাঠায় পাকিস্তান। ওই চিঠি কেলেঙ্কারির ঘটনা তদন্ত করছেন তিন বিচারকের সমন্বয়ে গঠিত একটি বিচার বিভাগীয় কমিশন। সুজা পাশা গত বৃহস্পতিবার সেই কমিশনের সামনে হাজির হন। কমিশনকে তিনি জানান, ওই সময় সেনাবাহিনীর অভ্যুত্থান ঘটানোর কোনো পরিকল্পনা থাকলে আইএসআই তা জানত। সুজা পাশা ‘গোপন চিঠি’র বিষয়ে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মনসুর ইজাজের দাবিও নাকচ করে দেন। তবে ‘গোপন চিঠি’ কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর লন্ডনে মনসুরের সঙ্গে বৈঠক করার কথা স্বীকার করেন পাশা।আইএসআইয়ের এই সাবেক প্রধান বলেন, আইএসআইয়ের গণমাধ্যম শাখার মাধ্যমে তিনি জানতে পারেন ফিন্যানশিয়াল টাইমস-এ মনসুর ইজাজ নামের এক ব্যক্তির লেখা নিবন্ধে ‘গোপন চিঠি’র কথা উল্লেখ করা হয়েছে। ওই নিবন্ধ হাতে পাওয়ার পর তিনি বিষয়টি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন। পাশা বলেন, ‘ওই নিবন্ধের লেখক মনসুর ইজাজ সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হলে আমি একটি সোর্সের মাধ্যমে তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করি। তিনি পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বাইরে কোথাও আমার সঙ্গে দেখা করতে রাজি হন। পরে তাঁর সঙ্গে আমার দেখা হয় লন্ডনে। প্রায় চার ঘণ্টা ধরে নিবন্ধে উল্লিখিত বিষয়ে আমার সঙ্গে বিস্তারিত কথা বলেন মনসুর।’ পাশা বলেন, ‘ওই সময় মনসুর মুঠোফোনে আমাকে একটি বার্তা দেখান। সেই বার্তা ছিল যুক্তরাষ্ট্রে নিযুক্ত তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রদূত হুসেইন হাক্কানির। হাক্কানির সঙ্গে মনসুরের যোগাযোগ ছিল।’ পাশা জানান, গত বছরের ২২ অক্টোবর লন্ডনের একটি হোটেলে মনসুরের সঙ্গে সাক্ষাতের পর ২৪ অক্টোবর সেনাপ্রধান কায়ানির সঙ্গে দেখা করে বিস্তারিত তুলে ধরেন তিনি। এরপর ১৮ নভেম্বর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করে পুরো বিষয় তাঁকে অবহিত করেন।বিচার বিভাগীয় কমিশন ‘গোপন চিঠি’ কেলেঙ্কারির ঘটনা নিয়ে শুনানির সময় আরও ছয় সপ্তাহ বাড়িয়েছে। গত ৩১ মার্চের মধ্যে শুনানি শেষ হওয়ার কথা ছিল। পিটিআই অনলাইন।