সেনাবাহিনীর প্রতি অগাধ আস্থা মুরসির ভাইয়ের
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছোট ভাই সাঈদ মুরসিকে দেশটির সেনাবাহিনী তাঁর দপ্তর থেকে বহিষ্কার করেছে। এর পরও সেনাবাহিনীর প্রতি কোনো বিরূপ মন্তব্য করেননি তিনি; বরং সেনাবাহিনীর প্রতি তাঁর অগাধ আস্থা আছে বলে জানিয়েছেন। আজ শুক্রবার রয়টার্সের এক খবরে জানানো হয়, সাঈদ মুরসি তাঁর আল-আদওয়ার গ্রামের বাড়িতে বসে এ মন্তব্য করেছেন।
সাঈদ মুরসি বলেন, ‘সেনাবাহিনীর প্রতি আমার অগাধ আস্থা আছে। আমার প্রচণ্ড ধৈর্যও আছে।’ বড় ভাই মোহাম্মদ মুরসির ব্যাপারে সাঈদ বলেন, ‘যখন কেউ আপনাকে উন্মাদ করে দেবে, তখন তাঁর বিরোধিতা করবেন না, তাঁর প্রতি ক্ষুব্ধ হবেন না। এ শিক্ষাটা আমি আমার ভাইয়ের কাছেই শিখেছি।’
সাঈদ বলেন, ‘বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেনাবাহিনী। এটা মিসরীয়দের জন্য লালরেখার মতো বিষয়। সেনাবাহিনীর ভেতরে যদি কেউ ভুল করে, তাহলে তা হবে দেশের জন্য বড় সমস্যা। কিন্তু আমরা তো মানুষ, ভুল হতেই পারে।’
বড় ভাই মোহাম্মদ মুরসির নিরাপত্তার ব্যাপারে ভীত কি না—এমন প্রশ্নের জবাবে সাঈদ বলেন, ‘আমি আমার নিজের জীবন নিয়েও কখনো ভয় পাইনি। আমি শুধু সৃষ্টিকর্তাকে ভয় করি। নিশ্চয়ই তিনি মিসরকে রক্ষা করবেন।’
মোহাম্মদ মুরসি গত বছর মিসরের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর ঠিক এক বছর পরে চলতি বছরের ৩ জুলাই ব্যাপক বিক্ষোভের মুখে সেনাবাহিনী তাঁকে ক্ষমতাচ্যুত করে।