সেনাবাহিনীর প্রতি সু চি এখনো অনুরক্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি এখনো ‘অনুরক্ত’। তিনি বিবিসি রেডিও ফোরের ‘ডেজার্ট আইল্যান্ড ডিস্কস’ অনুষ্ঠানে এ কথা বলেন। মিয়ানমারে সাবেক জান্তার আমলে সেনাবাহিনী সু চিকে ১৫ বছর গৃহবন্দী করে রেখেছিল।সু চি গত মাসে মিয়ানমারে ওই সাক্ষাৎকার দেন। এতে তিনি বলেন, বৌদ্ধ মতবাদে বিশ্বাস তাঁকে মিয়ানমারের স্বৈরশাসনকে অগ্রাহ্য করতে শক্তি জুগিয়েছে। এই শক্তি-সাহসের বলে তিনি সম্প্রতি পার্লামেন্টের উপনির্বাচনে সেনা কর্মকর্তাদের মোকাবিলা করেন।সেনাবাহিনীর প্রতি অনুরাগের কথা স্বীকার করে সু চি বলেন, ‘বিষয়টি সত্য। জনগণ আমার মুখে এ কথা পছন্দ করে না। কিন্তু আমার বাবা এই সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছিলেন এবং এ কথা আমি সব সময়ই মনে রাখি। সেনাবাহিনী যখন মিয়ানমারে ভয়াবহ তৎপরতা শুরু করেছিল, তখন আমি আশা করতাম, পরিস্থিতি এমনিতেই ঠিক হয়ে যাবে।’নোবেল শান্তি পুরস্কারজয়ী সু চির বাবা অং সানকে আধুনিক মিয়ানমারের স্থপতি বিবেচনা করা হয়। তিনিই দেশটির সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। মিয়ানমারে ১৯৯০ সালের নির্বাচনের আগে সু চিকে গৃহবন্দী করা হয়। তিনি তখন অসুস্থ মাকে দেখতে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন। স্বামী মাইকেল অ্যারিস ও দুই ছেলের সঙ্গে যুক্তরাজ্যেই বসবাস করতেন সু চি। শিক্ষক অ্যারিস ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ১৯৯৯ সালে মৃত্যুর আগে তিনি সু চির সঙ্গে দেখা করতে মিয়ানমারে যেতে চেয়েছিলেন। কিন্তু তৎকালীন জান্তা তাঁকে ভিসা দেয়নি।সাক্ষাৎকারে স্বামী অ্যারিসের সঙ্গে তাঁর সম্পর্কনিয়েও কথা বলেন সু চি। তাঁদের পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাতে মিয়ানমারের জান্তা সরকারকে তাঁরা কিভাবে মোকাবিলা করেছিলেন তাও উঠে এসেছে এই সাক্ষাৎকারে।২০১০ সালের নভেম্বরে দেশটিতে সামরিক শাসনের আনুষ্ঠানিক অবসান হয় এবং সু চি মুক্তিলাভ করেন। তাঁর রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এখন আবার কার্যক্রম শুরু করেছে। দলটি গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত পার্লামেন্টের উপনির্বাচনে অংশ নিয়ে সফল হয়েছে। বিবিসি।