সেনাবাহিনীর বিরুদ্ধে রাসায়নিক হামলার অভিযোগ সম্পূর্ণ বানোয়াট
সিরিয়ায় সরকারি বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক হামলা চালানোর অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি বলেন, এ ঘটনা তদন্তের জন্য তিনি বিদেশিদের অনুমতি দিতে পারেন। তবে তা অবশ্যই নিরপেক্ষ তদন্ত দল হতে হবে।
সিরিয়ার রাজধানী দামেস্কে গত বুধবার বার্তা সংস্থা এএফপির সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার এই দাবি কেরন। তিনি বলেন, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার সামরিক শক্তির তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ‘সন্ত্রাসীদের’ ওপর হামলা চালানোর যে সামর্থ্য সিরিয়ার ছিল, তা অটুট রয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমরা মনে করি পশ্চিমা দেশগুলো, বিশেষত যুক্তরাষ্ট্র, সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়েছে। তারা সিরিয়ায় হামলা করার অজুহাত হয়েছে এই রাসায়নিক হামলার গল্প ফেঁদেছে।’
প্রেসিডেন্ট বাশার আরও বলেন, তাঁর দেশের সংকট নিরসনে শান্তি আলোচনা নিষ্ফল হওয়ার কারণ যুক্তরাষ্ট্র এ লড়াইয়ের অবসানের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। তারা কোনো রাজনৈতিক সমাধানে পৌঁছানোর বিষয়ে তৎপর নয়। যুক্তরাষ্ট্র এই সংকটকে সন্ত্রাসীদের জন্য ছাতা হয়েছে ব্যবহার করতে চায়।
মানবাধিকার ও পর্যবেক্ষণ সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী গত সপ্তাহে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরে রাসায়নিক হামলায় ৩১ শিশুসহ অন্তত ৮৭ জন নিহত হয়েছে।